Accident

বোস্টনের পথে ছ’জনকে নিয়ে নিখোঁজ মেডিকেল বিমান! ২৪ হাজার ফুট থেকে আচমকা নামল ১১ হাজারে, নানটাকেটের কাছে যোগাযোগ বিচ্ছিন্ন

নানটাকেট উপকূলের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিমানের সন্ধানে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইউএস কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা।

বোস্টনের পথে ছ’জনকে নিয়ে নিখোঁজ মেডিকেল বিমান।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৩:১৯

বারমুডা থেকে আমেরিকার বোস্টনের দিকে যাওয়ার পথে ছ’জন যাত্রীকে নিয়ে একটি মেডিকেল বিমান নিখোঁজ হয়েছে। নানটাকেট উপকূলের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিমানের সন্ধানে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইউএস কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা।

জানা গিয়েছে, বিমানটি বারমুডার এল. এফ. ওয়েড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হয়েছিল। গাল্ফস্ট্রিম G100 বিমানটিতে ছিলেন মোট ছ’জন। তাঁদের মধ্যে চার জন কানাডার নাগরিক—দুই পাইলট এবং দুই মেডিক্যাল কর্মী। বাকি দু’জন বারমুডার বাসিন্দা। তাঁদের মধ্যে ছিলেন এক জন রোগী এবং তাঁর পরিবারের এক সদস্য।

ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। কিন্তু রাত একটা চার মিনিট নাগাদ মাত্র তিন মিনিটের মধ্যে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট থেকে নেমে আসে ১১ হাজার ফুট উচ্চতায়। এরপর কিছু সময় ১১ হাজার ফুট উচ্চতায় উড়লেও পরে বিমানটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই বিমানটির গতিপথ এবং যোগাযোগ নিয়ে সমস্যার ইঙ্গিত মিলেছিল। নিউইয়র্কের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে জিজ্ঞাসা করেন, তাঁরা কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করছেন কি না। কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘‘আপনার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। আপনি কি জরুরি পরিস্থিতি ঘোষণা করছেন, না করছেন না—আপনার উত্তরটা ঠিকমতো শুনতে পাইনি।’’

এফএএ-র এক মুখপাত্র জানান, রাত প্রায় ১টা ২০ মিনিটে বিমানটির জন্য সার্চ অ্যান্ড রেসকিউ অ্যালার্ট জারি করা হয়। বিমানটির সন্ধানে রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার এবং ইউএস কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করে এফএএ। কেপ কড এয়ার স্টেশন থেকে এইচ-১৪৪ বিমান এবং এমএইচ-৬০ জেহক হেলিকপ্টার, স্টেশন ব্রায়ান্ট পয়েন্ট থেকে ৪৭ ফুটের মোটর লাইফবোট এবং এলিজাবেথ সিটি এয়ার স্টেশন থেকে এইচসি হারকিউলস বিমান তল্লাশি অভিযানে নামে।

ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, নানটাকেট উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরের এলাকায় বিমানটির সন্ধানে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ বিমান বা তার যাত্রীদের কোনও সন্ধান পাওয়া যায়নি।

বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল গাল্ফস্ট্রিম G100-টির। কিন্তু নির্ধারিত গন্তব্যে আর পৌঁছোতে পারেনি সেটি। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘বিমানে থাকা মানুষজন এবং তাঁদের প্রিয়জনদের কথা আমরা ভাবছি। তল্লাশি অভিযান চলছে। আমাদের সহানুভূতি তাঁদের সঙ্গে রয়েছে।’’


Share