Marco Rubio

আইসিসির প্রেসিডেন্ট-সহ শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, নিষেধাজ্ঞা জারি করলেন মার্কো রুবিয়ো

আমেরিকার বিদেশ সচিবের অভিযোগ, আইসিসি একটি ‘দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিক ভাবে পক্ষপাতদুষ্ট’ প্রতিষ্ঠান। আমেরিকার সার্বভৌমত্বের উপর কোনও ধরনের হস্তক্ষেপ ওয়াশিংটন মেনে নেবে না বলেও রুবিয়ো স্পষ্ট বার্তা দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১১:১২

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সিনিয়র আইনজীবী আবদুল্লা সেয়ের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করল। বুধবার আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

রুবিয়োর অভিযোগ, জাপানের নাগরিক আকানে এবং সেনেগালের নাগরিক আবদুল্লা তাঁদের এখতিয়ারের বাইরে গিয়ে আমেরিকার কয়েক জন উচ্চপদস্থ সরকারি আধিকারিককে ‘বিচারের আওতায় আনার চেষ্টা’ করেছেন। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানান। আমেরিকার বিদেশ সচিবের অভিযোগ, আইসিসি একটি ‘দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিক ভাবে পক্ষপাতদুষ্ট’ প্রতিষ্ঠান। আমেরিকার সার্বভৌমত্বের উপর কোনও ধরনের হস্তক্ষেপ ওয়াশিংটন মেনে নেবে না বলেও রুবিয়ো স্পষ্ট বার্তা দিয়েছেন।

রুবিয়োর ঘোষণার পরই আইসিসি পাল্টা বিবৃতি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, তারা তাদের আধিকারিকদের পাশে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুবিয়োর ঘোষিত পদক্ষেপ ‘আইনের শাসনকে দুর্বল করবে’। আন্তর্জাতিক যুদ্ধাপরাধের তদন্তে ক্ষমতাপ্রাপ্ত এই আদালতের বিরুদ্ধে এর আগেও ট্রাম্প একাধিক বার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। এ বার তাঁর প্রশাসন আইসিসির ১১ জন আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আদালতের ন’জন বিচারক এবং প্রধান প্রসিকিউটর। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করা, আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা এবং আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ।


Share