Terrorist Eliminates

যেন ‘ধুরন্ধর’ সিনেমা! পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদর দফতরে হামলা, অজ্ঞাতপরিচয় ব‍্যক্তিদের হাতে খতম কমান্ডার বিলাল

বিলাল আরিফ সালাফি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ইসলামি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল। পঞ্জাব প্রদেশের মুরিদকের তৈয়বা কলোনিতে অন্যান্য বাকি শীর্ষ নেতাদের সঙ্গে বসবাস করত। ২০০৫ সাল থেকে বিলাল এই সংগঠনের হয়ে কাজ করছিল।

লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার বিলাল আরিফ সালাফি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১০:৫৩

যেন হিন্দি সিনেমা ‘ধুনন্ধর’। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ইসলামি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার বিলাল আরিফ সালাফিকে অজ্ঞাতপরিচয় ব‍্যক্তিরা খতম করেছে। শনিবার ঈদের নমাজের পরে ঘটনাটি ঘটেছে।

শনিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে সদর দফতরে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সেখানকার মারকাজ তৈয়বা কমপ্লেক্সে ঈদের নমাজ পড়া শুরু হয়। ইসলামি জঙ্গি সংগঠনের কমান্ডার বিলাল আরিফ সালাফি নমাজ শেষ হওয়ার পরে বের হয়। তার পরেই বিলালের ওপর আকস্মিক হামলার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিল লস্করের আরও শীর্ষ সদস্য- মৌলানা আবু জার এবং মৌলানা আদ্দুল রহমান আবিদ।

প্রত‍্যক্ষদর্শীদের কথায়, অজ্ঞাতপরিচয়ে দু’জন বিলালের ওপর হামলা করেছে। তাঁদের মতে, বিলাল কমপ্লেক্স থেকে বেরোনোর পরে এক অজ্ঞাতপরিচয়ে এক ব‍্যক্তি পয়েন্ট ব্লাঙ্ক থেকে গুলি চালায়। তার সঙ্গে থাকা এক মহিলা ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারে।

রক্তাক্ত অবস্থায় সেখানই লুটিয়ে পড়ে বিলাল। শনিবার ঈদের নামাজের পর এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম অবস্থায় বিলাল আরিফ সালাফিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে হামলা, তা স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের অনুমান, সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা হতে পারে। তবে হামলায় সময় মহিলার উপস্থিতি নিয়ে রহস্য দানা বেধেছে।

উল্লেখ্য, বিলাল আরিফ সালাফি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ইসলামি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল। পঞ্জাব প্রদেশের মুরিদকের তৈয়বা কলোনিতে অন্যান্য বাকি শীর্ষ নেতাদের সঙ্গে বসবাস করত। ২০০৫ সাল থেকে বিলাল এই সংগঠনের হয়ে কাজ করছিল। সংগঠনের অর্থ সংগ্রহ এবং অস্ত্র জোগাড়ে বিলাল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ ছাড়াও, নতুন সদস্য কীভাবে নিয়োগ করা হবে তা-ও ঠিক করত এই বিলাল। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানের যুবকদেরও প্রভাবিত করত বিলাল।


Share