Middle East Conflict

খামেনেইয়ের শেষকৃত্য ঘিরে যুদ্ধের আশঙ্কা! আমেরিকা-ইজরায়েলকে তেহরানের কড়া হুঁশিয়ারি, হামলা হলে ‘চরম প্রতিশোধ’-এর বার্তা

ইরানের সশস্ত্র বাহিনীর সদর দফতর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহি স্পষ্ট জানিয়েছেন, শেষকৃত্যের সময় আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও হামলা হলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।

নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
নিজস্ব সংবাদদাতা, ইরান
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০২:১৫

নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর আগে আমেরিকা ও ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দফতর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহি স্পষ্ট জানিয়েছেন, শেষকৃত্যের সময় আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও হামলা হলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে। তিনি বলেন, ‘‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও জায়নবাদীদের (প্যালেস্টাইনের জমিতে ইহুদি রাষ্ট্র স্থাপনের মতাদর্শ) যে কোনও ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।"

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। সেই অভিযানের দিনই নিহত হন দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা। চার মাসেরও বেশি সময় ধরে তাঁর মরদেহ সংরক্ষণ করে রাখার পর রবিবার ভোর থেকে তেহরানে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারত-সহ একাধিক দেশের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৯ জুলাই আয়াতোল্লাকে তাঁর জন্মশহর মাশহাদে সমাহিত করা হবে। তেহরান-সহ মোট পাঁচটি শহরে শেষকৃত্য-সংক্রান্ত অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাতে দেড় কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রশাসনের অনুমান। বিপুল জনসমাগমের কারণে আমেরিকা বা ইজরায়েলি হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ দিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে আয়াতোল্লার উত্তরসূরি হিসেবে তাঁর পুত্র মোজতবা খামেনেইকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছিল। তবে তিনিও আমেরিকার হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

কূটনৈতিক মহলের একাংশের মতে, খামেনেইয়ের শেষকৃত্যকে ঘিরে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা বিরোধী বার্তা আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তেহরান। সেই কারণেই বিশেষ করে মাশহাদে তাঁর সমাহিতকরণ অনুষ্ঠানে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তাৎপর্যপূর্ণভাবে, বৃহস্পতিবার ইরান সরকার জানিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনেই সশরীরে তাঁর পিতার শেষকৃত্যে উপস্থিত থাকবেন না। পর্যবেক্ষকদের মতে, অনুষ্ঠানের সময় নির্বাচনেও কৌশল নিয়েছে তেহরান। কারণ, তেহরানে আয়াতোল্লার শেষকৃত্য শুরু হওয়ার সময়েই আমেরিকায় ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরের নিরিখে ইতিমধ্যেই ওয়াশিংটনের তুলনায় তেহরান বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাঁচ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার বিশাল আয়োজনের মাধ্যমে বিশ্বজনমত ও সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে তেহরানকে তুলে ধরার চেষ্টা করছেন বলেও জল্পনা তৈরি হয়েছে।


Share