Middle East Conflict

'ইরানকে তেল বিক্রি করতে না দেওয়া হলে কোনও উপসাগরীয় দেশকেই তেল বিক্রি করতে দেব না', আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে আমেরিকার বাহিনীর সরে যাওয়ার উপর। আমরা বারবার বলেছি, এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।

ইরানে ফের হামলা আমেরিকার সেনার।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১০:১৯

ইরানের বিরুদ্ধে তেলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকলে উপসাগরীয় অন্য কোনও দেশকেও অপরিশোধিত তেল রফতানি করতে দেওয়া হবে না, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের স্পিকার ও প্রধান আলোচক মহম্মদ বাঘের ঘালিবফ।

ঘালিবফ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘যেখানে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কাউকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও পরিকাঠামোরই নিরাপত্তা থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে আমেরিকার বাহিনীর সরে যাওয়ার উপর। আমরা বারবার বলেছি, এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।’

এ দিকে টানা ১২ দিন ধরে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বুধবার সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্যবস্তু করছে ইরান। সেই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরানে ফের সামরিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

প্রসঙ্গত, একদিকে ইরানের সেতু, রেলস্টেশন, বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিশানা করছে আমেরিকা। অন্য দিকে পালটা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা নতুন করে কুয়েত ও বাহারিনে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আরও বড় ও তীব্র হামলার হুঁশিয়ারিও দিয়েছে তাঁরা।


Share