Middle East Conflict

হরমুজে ইরানের পাতা সব মাইন নিষ্ক্রিয়! নতুন করে মাইন পাতলেই জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

এরই মধ্যে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরাস্ত করার পর আমেরিকার কৌশলগত ভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কথা ভাবছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০৯:৪৪

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ইরানের পাতা সমস্ত মাইন আমেরিকার নৌবাহিনী সরিয়ে ফেলেছে অথবা নিষ্ক্রিয় করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ইরান বার বার বন্ধ করার চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প ফের ক্ষোভ প্রকাশ করেছেন।

সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান নতুন করে কোনও মাইন পাতা শুরু করলে তাৎক্ষণিক এবং আক্রমণাত্মক পদক্ষেপ করা হবে। তাঁর দাবি, মাইন স্থাপনে ব্যবহৃত যে কোনও জাহাজ বা জলযান ধ্বংস করে দেওয়া হবে। যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারি নিয়ে এখনও ইরানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরাস্ত করার পর আমেরিকার কৌশলগত ভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কথা ভাবছে।

পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করা ওই আন্তর্জাতিক জলপথকে আমেরিকার অংশ বানানোর যে দাবি ট্রাম্প করেছিলেন, তারও কড়া সমালোচনা করেছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সরকার।সে দেশের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানেরই থাকবে।’’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকার সেনার অপারেশন এপিক ফিউরি শুরুর পরে তাঁরা যে হরমু়জ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘শুধু মাত্র ইরানের নির্দেশেই হরমুজ বন্ধ ও খোলা হবে।’’


Share