Middle East Conflict

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, ১৪০ টি লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলার পর পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা, বাহরিন-সহ একাধিক দেশে ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরিন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-এর একাধিক এলাকা। পরিস্থিতি ঘিরে পুরো পশ্চিম এশিয়াজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে।

ইরানে হামলা আমেরিকার।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৪:৫২

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা এবং জলপথ বন্ধের ঘোষণা ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। রবিবার ভোরে (স্থানীয় সময়) ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালায় আমেরিকার বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সেই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরিন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-এর একাধিক এলাকা। পরিস্থিতি ঘিরে পুরো পশ্চিম এশিয়াজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ফের বড়সড় সামরিক অভিযান চালিয়েছে তারা। অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে দাবি আমেরিকার বাহিনীর। গত এক সপ্তাহে এটি ইরানের বিরুদ্ধে আমেরিকার তৃতীয় সামরিক অভিযান। সেন্টকমের দাবি, আগের দু’টি অভিযানের তুলনায় এবারের হামলা ছিল আরও তীব্র ও ব্যাপক। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌঘাঁটি, গোলাবারুদ মজুত কেন্দ্র এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থা-সহ একাধিক সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই কিছু জানায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একাধিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও পেট্রোরসায়ন কেন্দ্র। পাশাপাশি বন্দর আব্বাস, বন্দর-ই দায়ের এবং হরমুজ় প্রণালীর কাছে অবস্থিত সিরিক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

আমেরিকার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। প্রতিবেশী দেশ বাহরিনেও বিমান হামলার খবর মিলেছে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকদের বিচলিত না-হওয়ার পরামর্শ দিয়েছে। তবে সতর্ক থাকতে বলেছে সকলকে। কুয়েত, কাতারেও একই ভাবে হামলা চলেছে। দেশগুলি জুড়ে যুদ্ধ-সাইরেন বাজছে বলেও খবর।

হরমুজ প্রণালীতে ফের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-র দাবি, জাহাজটি অননুমোদিত নৌপথ ব্যবহার করছিল। এই ঘটনার পরই তেহরান ঘোষণা করে, আপাতত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। ইরানের এই সিদ্ধান্তে গোটা অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। এর মধ্যেই সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তারা সামরিক অভিযান চালিয়েছে।


Share