Middle East Conflict

খামেনেইয়ের শেষকৃত্যের পর ফের মুখোমুখি ইরান-আমেরিকা! দোহার বৈঠকে গঠনমূলক অগ্রগতি, পারমাণবিক ইস্যুতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত

তবে এখনও পর্যন্ত দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক না হওয়ায় এই কূটনৈতিক উদ্যোগ কতটা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে।

ইরান-আমেরিকার বৈঠক।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১০:০৯

ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই আলোচনার পথে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পৃথক বৈঠকের পর কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, আলোচনায় গঠনমূলক অগ্রগতি হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি জানান, সাম্প্রতিক ‘লেক লুসার্ন সামিট’-এর ফলাফলের ভিত্তিতেই আলোচনা এগিয়েছে। ইসলামাবাদ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)-এর ১৪ দফা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পরবর্তী দফার আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।

এ দিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর সামরিক পদক্ষেপের জেরেই পরিস্থিতির পরিবর্তন এসেছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কোনও অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

তবে এখনও পর্যন্ত দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক না হওয়ায় এই কূটনৈতিক উদ্যোগ কতটা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর প্রথম দিনেই বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই নিহত হন। আগামী ৪ থেকে ৯ জুলাই ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা। সেই কর্মসূচি শেষ হওয়ার পরই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


Share