Middle east conflict

যুদ্ধ আবহে ‘মাস্টার স্ট্রোক’ ভারতের, রাশিয়া থেকে তেল কিনতে পারবে দেশ, ৩০ দিনের জন্য ছাড় দিল আমেরিকা

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে ওঠে। তবে গত বছর ওয়াশিংটনের চাপের কারণে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমাতে শুরু করে।

রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১২:১৫

যুদ্ধ আবহে মাস্টার স্ট্রোক ভারতের। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা। শুক্রবার আমেরিকার কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট জানালেন, আমেরিকার কোষাগার বিভাগ ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িক ভাবে ৩০ দিনের ছাড় দিচ্ছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বিশ্ব জ্বালানির বাজারকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের সমাজমাধ্যমে পোস্ট করে বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্পের জ্বালানি নীতির ফলেই আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, “বিশ্ব বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিচ্ছে।”

তিনি আরও বলেন, এই স্বল্পমেয়াদি পদক্ষেপের ফলে রাশিয়ান সরকারের তেমন কোনও আর্থিক লাভ হবে না। আমেরিকার যুক্তি, এই অনুমতি কেবল সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য।

ভারত এবং আমেরিকার ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ বলেও ওই পোস্টে উল্ল্যেখ্য করে বেসেন্ট। তিনি আরও জানান, ওয়াশিংটন আশা করছে যে নয়াদিল্লি ভবিষ্যতে আমেরিকা থেকে তেল কেনা বাড়াবে। তাঁর মতে, এই অস্থায়ী পদক্ষেপটি ইরানের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ কিছুটা কমাতে সাহায্য করবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ছাড়ের ঘোষণা এসেছে। বিভিন্ন উপসাগরীয় দেশে ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল উৎপাদন ব্যাহত আগেই হয়েছে। ইরান সরকার স্ট্রেট অফ হারমুজ- অবরোধ করেছে যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই সংকীর্ণ সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ পরিবাহিত হয়। ফলে তেলের  আদান প্রদানের পথে বড় বাঁধা তৈরি হয়েছে।

এমনকী আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাতের জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তৈল উৎপাদন কেন্দ্র হামলা শিকার হয়েছে৷ এর মধ্যে রয়েছে সৌদি অ্যারামকো-এর রাস তানুরা রিফাইনারি এবং ইরাকের রুমালিয়া তৈল উৎপাদন কেন্দ্র৷

রাশিয়া থেকে আবার তেল কিনতে পারবে ভারত৷ ৩০ দিনের জন্য ভারতে ছাড় দিল আমেরিকা৷ শুক্রবারই এই ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে ওঠে। তবে গত বছর ওয়াশিংটনের চাপের কারণে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমাতে শুরু করে। এর পর আমেরিকা ভারতের ওপর আরোপিত শুল্কও কমিয়ে দেয়। পাশাপাশি, দু’দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিও সম্পন্ন করেছে। যার ফলে ভারত-আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।


Share