Airplane Clash

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪, মৃতদের তালিকায় দুই শীর্ষ সেনা জেনারেল

নিহতদের মধ্যে রয়েছেন কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

শুক্রবার আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হল।
নিজস্ব সংবাদদাতা, আফ্রিকা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৩

শুক্রবার আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হল। নিহতদের মধ্যে রয়েছেন কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। কঙ্গোলিজ সামরিক বাহিনীর তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে সরকারি বিবৃতিতে জানান, দুর্ঘটনাগ্রস্ত বিমানে দুই সেনা জেনারেল ছাড়াও প্রতিনিধি দলের ১২ জন সদস্য এবং বিমানকর্মীরা ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনিক সূত্রে খবর, উড়োজাহাজটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথে কেনগে অঞ্চলের কাছে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হলেও, এর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেজর জেনারেল একেঙ্গে জানান, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করার চেষ্টা করা হবে। অন্য দিকে, সিভিল এভিয়েশন অথরিটির বোর্ড চেয়ারম্যান ট্রাইফন কিন-কিই মুলুম্বাও জানিয়েছেন, এই মুহূর্তে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত বছর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে সশস্ত্র সংঘাতের পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কঙ্গোর সেনাবাহিনী। বিদ্রোহীদের একাধিক হামলা এবং গুরুত্বপূর্ণ শহর দখলের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।


Share