Middle East Conflict

ফের হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলা! পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে জোড়া লিমপেট মাইন বিস্ফোরণ, জাহাজে ছিলেন ২৭ ভারতীয় নাবিক

ওই জাহাজে ছিলেন ২৭ জন ভারতীয় নাবিক। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় কোনও নাবিক আহত হননি বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০২:২০

হরমুজ প্রণালীতে ফের হামলা! পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি লোউইস ১-এ লিমপেট মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবারের এই হামলায় জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। ওই জাহাজে ছিলেন ২৭ জন ভারতীয় নাবিক। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় কোনও নাবিক আহত হননি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, একটি ছোট নৌকা থেকে জাহাজটির গায়ে দুটি লিমপেট মাইন লাগানো হয়েছিল। পরে সেগুলিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে সাময়িকভাবে অচল হয়ে পড়ে জাহাজটি। ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থার দাবি, ওমানের খাসাব বন্দর থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে এই প্রথম সফলভাবে লিমপেট মাইন ব্যবহারের ঘটনা সামনে এল। ফলে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র এক দিন আগেই লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে প্রজেক্টাইল হামলা হয়েছিল। ওই জাহাজেও ছিলেন দুই ভারতীয় নাগরিক। পরপর দু’দিন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share