Accident

৩৫ হাজার ফুট থেকে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় পাইলট-সহ ৯ জনের মৃত্যু, প্রকাশ্যে শেষ মুহূর্তের কথোপকথন

এরপরই দ্রুত উচ্চতা হারাতে শুরু করে বিমানটি। শেষ পর্যন্ত মাটিতে আছড়ে পড়তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দুর্ঘটনায় পাইলট, বিমানকর্মী-সহ বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় পাইলট-সহ ৯ জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, ফ্লোরিডা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১২:৩৩

ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল আমেরিকার ফ্লোরিডা। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল ছোট বাণিজ্যিক বিমান লিয়ারজেট ৬০। জানা গিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফ্লোরিডার পাম বিচ কাউন্টির উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এরপরই দ্রুত উচ্চতা হারাতে শুরু করে বিমানটি। শেষ পর্যন্ত মাটিতে আছড়ে পড়তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দুর্ঘটনায় পাইলট, বিমানকর্মী-সহ বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন আমেরিকার পরিবহণ সচিব শন ডাফি। তাঁর বক্তব্য অনুযায়ী, বাহামার উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি ফ্লোরিডার পাম বিচ কাউন্টির উপর দিয়ে যাওয়ার সময় বিপর্যয়ের মুখে পড়ে। দুর্ঘটনার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। তাতে একটি গাড়ির ভিতর থেকে বিমান ভেঙে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ছে বিমানটি। মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হচ্ছে দুর্ঘটনাস্থল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, দুর্ঘটনার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানের পাইলট। প্রকাশ্যে এসেছে তাঁদের শেষ মুহূর্তের কথোপকথনও। পাইলটকে বলতে শোনা যায়, “৭২২ ব্রাভো ডেল্টা... আমরা ৮ হাজার ফুট নিচে নামছি। মেডে, মেডে! আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছি।” এই জরুরি বার্তার পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। কী কারণে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share