Middle East Conflict

‘কোনও চালাকি নয়,’ পারমাণবিক কর্মকান্ড বন্ধ না হলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব নয়, জানিয়ে দিলেন ট্রাম্প

তেহরানের সামরিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, “ওদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। ওদের আর কোনও সামরিক বাহিনী অবশিষ্ট নেই। ওদের নৌসেনা সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। বিমানবাহিনীও আর আকাশে ওড়ার অবস্থায় নেই।”

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৫

ইরান পারমাণবিক কর্মকান্ডের উচ্চাকাঙ্খা থেকে সরে না দাঁড়ালে তাদের সঙ্গে কোনও চুক্তি করা সম্ভব নয় বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালে এমনটাই দাবি করেন তিনি। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে যে অবরোধ শুরু করেছে, সেটিকেও ‘দারুণ’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ করার যে মানচিত্র ভাইরাল হয়েছে তাতেও প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকৃতি দিয়েছেন।

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের কার্যত বিধ্বস্ত ইরান। সেই আবহে সমাজমাধ‍্যমে একটি মানচিত্র ভাইরাল হয়েছে। সেখানে হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময়) সেই মানচিত্র নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে বুধবার সকালে ট্রাম্প দাবি করেন, আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে এক অসাধারণ কাজ করেছে। তাঁর আরও দাবি, তেহরান শেষ পর্যন্ত নতিস্বীকার করতেই হবে। ইরান পারমাণবিক নিজের পারমাণবিক কর্মকান্ডের উচ্চাকাঙ্খা থেকে সরে না দাঁড়ালে তাদের সঙ্গে কোনও চুক্তি করা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এই অবরোধ একপ্রকার অসাধারণ। নিখুঁত। ১০০ শতাংশ নির্ভুল। এটা প্রমাণ করে আমাদের নৌবাহিনী কতটা দক্ষ। আমাদের সঙ্গে কোনও চালাকি করা যাবে না। আমাদের কাছে বিশ্বের সেরা সামরিক বাহিনী রয়েছে।”

তেহরানের সামরিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, “ওদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। ওদের আর কোনও সামরিক বাহিনী অবশিষ্ট নেই। ওদের নৌসেনা সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। বিমানবাহিনীও আর আকাশে ওড়ার অবস্থায় নেই। ওদের সামনে একটাই পথ খোলা আছে— হার স্বীকার করে নেওয়া।”


Share