Bangladesh Election

বাংলাদেশের নির্বাচনে ঝড়ল রক্ত! গোপালগঞ্জে বুথের বাইরে ফাটল ককটেল বোম, জখম এক নাবালিকা-সহ তিন জন, ভর্তি করা হল হাসপাতালে

পুলিশ জানিয়েছে, ঘটনায় ভোটকেন্দ্রের মূল দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনার পর ভোটকেন্দ্রের বাইরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১১

বাংলাদেশে সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলছে। বেলা বাড়তে অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করেছে। এ বার গোপালগঞ্জের একটি বুথে বাইরে ককটেল বোমা বিস্ফোরণের খবর মিলেছে। ঘটনায় তিন জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সেখানকার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল বোমা নিক্ষেপ করেছে দুস্কৃতীরা। ঘটনায় দুই আনসার সদস্য-সহ তিনজন জখম হয়েছেন।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুস্কৃতীরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে আসা শিশু গুরুতর জখম হয়েছেন।

‘প্রথম আলো’-র প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জখম আনসার সদস্যের নাম সুকন্ঠ মজুমদার এবং জামাল হোসেন। পুররসভার আরামবাগ এলাকার আসশাফ আলির মেয়ে আমেনা খানম (১৪)। তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় ভোটকেন্দ্রের মূল দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনার পর ভোটকেন্দ্রের বাইরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ছাড়াও, সকালের দিকে বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার বাধে। অভিযোগ, বহিরাগতদের বুথে ঢুকিয়ে ছাপ্পা ভোট চলছে। ওই কেন্দ্রের প্রার্থী জামাত প্রধান শফিকুর রহমান। বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা। পরস্পরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ চলে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা (ভারতীয় সময়ে) থেকে বাংলাদেশে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। তার আগে থেকেই সে দেশে বিক্ষিপ্ত অশান্তি এবং গোলমালের খবর মিলতে শুরু করেছে। বুধবার থেকেই কোথাও ভোটকেন্দ্রের কাছে বোমাবাজি, কোথাও রাজনীতিকদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে। কুপিয়ে জখম করার অভিযোগও উঠেছে।


Share