Bangladesh Turmoil

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ঢাকায় দু’টি বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেফতার আওয়ামী লীগের ৩৩৮ নেতা-কর্মী

এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি ঘটনা ঘটেছে পল্লবীতে, অন্যটি বাড্ডা এলাকায়। শুধু অগ্নিসংযোগ নয়, ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বোমাবাজির অভিযোগও উঠেছে।

বাংলাদেশে অশান্তি।
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০২:৪৯

ডিসেম্বরের মুখে বাংলাদেশে অশান্তি যেন কিছুতেই থামছে না। বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকার দু’টি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি ঘটনা ঘটেছে পল্লবীতে, অন্যটি বাড্ডা এলাকায়। শুধু অগ্নিসংযোগ নয়, ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বোমাবাজির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দেশজুড়ে বিশেষ অভিযানে নেমেছে। গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কয়েক দিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে থানা এবং বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি অস্ত্র নিয়ে মিছিলের অভিযোগও সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে আগেই গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকার। এ বার বৃহস্পতিবার থেকে ওই জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাতেও বিঘ্ন ঘটতে শুরু করেছে। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

কেন শুধুমাত্র গোপালগঞ্জে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করা হল, সে বিষয়ে সরকারি ভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। ব্যাঙ্কিং সংস্থাগুলির আধিকারিকদের সূত্র উল্লেখ করে ‘প্রথম আলো’ জানিয়েছে, সরকারি নির্দেশেই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ঢাকা-সহ দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে অস্বাভাবিক মাত্রায় আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই কারণেই সাময়িক ভাবে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিকের দাবি, বিভিন্ন জেলা থেকে গ্রেফতারি এড়াতে অনেকে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের কাছে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর তথ্যও গোয়েন্দাদের হাতে এসেছে। যদিও এ বিষয়ে সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি ওই আধিকারিকেরা।

এ দিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শেখ হাসিনার দলের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। শুধু ঢাকা থেকেই ধরা পড়েছেন ৫০ জন। ধৃতদের মধ্যে রয়েছেন হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারীপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং নিউটাউনে খুন হওয়া আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।

অন্য দিকে, বৃহস্পতিবার রাতেও ঢাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মধ্যরাতে পল্লবী এলাকায় একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও সেই সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। বাড্ডা এলাকাতেও একটি বাসের পিছনের অংশে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পরিস্থিতি বুঝে দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন চালক। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও কুষ্টিয়াতেও বোমাবাজির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-সহ বাংলাদেশের ছ’টি জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও গোপালগঞ্জ-সহ সাত জেলায় পুলিশ বাহিনীর পাশাপাশি ১০৯ প্ল্যাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ডিসেম্বরের আগে বাংলাদেশে নতুন করে অস্থিরতা বাড়ায় উদ্বেগে প্রশাসন।


Share