Bangladesh Turmoil

বাংলাদেশের নড়াইলে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ, সংখ‍্যালঘুদের আক্রান্তের দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে, অস্বীকার পুলিশের

দুই বিএনপি নেতার মৃত্যুর পর কালিয়ায় অন্তত ৫০টি বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। সেখানে কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। ২০০টি সংখ‍্যালঘু পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়ার দাবিও করা হয়েছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

জ্বলছে বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেস্ক
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৮:৩৪

শেখ হাসিনার দেশের ফের আবহে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। এ বার নড়াইল জেলার কালিয়া উপজেলায় হিংসা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। দুই বিএনপি নেতার মৃত্যুর পরে প্রতিশোধমূলক হামলায় একাধিক বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনার মধ্যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগও সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো, স্থানীয় সূত্রের বক্তব্য এবং সংবাদমাধ্যম প্রতিবেদন ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

কীভাবে ঘটনার সূত্রপাত?

গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় একটি বাইক মিছিল হয়। সেই মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা শাহিন শেখ ও সোহেল মোল্লা গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের নেপথ‍্যে স্থানীয় আওয়ামি লিগ কর্মীদের দায়ী করে বিএনপি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দিশা বিশ্বাস (৩১) এবং রাকিব বিশ্বাস (২১) নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

২০ নভেম্বর প্রতিশোধমূলক হামলা, জ্বলল একাধিক বাড়ি

দুই নেতার মৃত্যুর দুদিন পর, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে নিহতদের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ জনতা বেন্দারচর এলাকায় জড়ো হন। এরপর একাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তার পরে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকী, এই বাড়িগুলিতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম bdnews24.com, Dhaka Tribune এবং The Daily Star-এর প্রতিবেদন অনুযায়ী, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির ৫০টিরও বেশি আবাসিক কাঠামো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক দোকানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তার মধ্যে, প্রাক্তন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, প্রাক্তন কালিয়া পুরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্থানীয় আওয়ামি লিগ নেতাদের বাড়ি রয়েছে বলে দাবি করা হয়েছে।

কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা

প্রাক্তন কালিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামি লিগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার খবর সামনে এসেছে। Dhaka Tribune এবং bdnews24.com-এর প্রতিবেদনেও তাঁর বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর ঘোষপাড়ার বাড়িতে হামলার ঘটনাটি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। যদিও, ঘোষপাড়ার বসবাসকারী সংখ্যালঘু বাসিন্দাদের দাবি, কৃষ্ণপদের বাড়ি ছাড়া আর কারও বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তাঁরা জানেন না।

২০০টি হিন্দু পরিবারের বাড়িতে আগুন, অভিযোগ ও পাল্টা দাবি

সামাজমাধ্যমে নড়াইলে ২০০ থেকে ৩০০টি সংখ্যালঘু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ছড়িয়ে পড়ে। দেশের একাধিক সংবাদমাধ্যম সংখ‍্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। নড়াইল জেলা পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতৃত্ব এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, বেন্দারচর এলাকায় সংখ‍্যালঘুদোর বসতি নেই। আক্রান্ত বাড়িগুলি মূলত আওয়ামি লিগ নেতাকর্মীদের বলে দাবি করা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস (BSS)-এর ২২ নভেম্বরের প্রতিবেদনেও স্থানীয় সংখ‍্যালঘু নেতাদের বক্তব্য তুলে ধরে সাধারণ সংখ‍্যালঘু পরিবারের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দমকলকর্মীদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছোনোর অভিযোগ

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। কিন্তু রাস্তার ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা। নিরাপত্তাজনিত সমস্যার কারণে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছোতে দেরি করে। প্রায় রাত ৮টার দিকে দমকলকর্মীরা অবশেষে ঘটনাস্থলে পৌঁছোন।

দমকলকর্মীদের বক্তব্য অনুযায়ী, ২০ থেকে ২৫টি বাড়ির ৫০টিরও বেশি আবাসিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য থেকেই বিশেষজ্ঞদের বক্তব্য, অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা জরুরি। কেবল প্রশাসনিক বিবৃতির পরিবর্তে ঘটনাস্থল পরিদর্শন করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার প্রয়োজন।

পুলিশের বক্তব্য ও AI ভিডিয়ো ঘিরে বিতর্ক

নড়াইলের পুলিশ সুপার সামাজমাধ্যমে সংখ‍্যালঘুদের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই ভিডিয়োগুলির মধ্যে কিছু পুরনো ভিডিয়ো রয়েছে। যা সম্পূর্ণ AI দ্বারা তৈরি ছবি ও ভিডিয়ো ব্যবহার করে ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে। ২২ নভেম্বর বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটের অধীন BanglaFact-ও ২০০ থেকে ৩০০টি সংখ্যালঘু বাড়ি পুড়িয়ে দেওয়ার দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, কৃষ্ণপদ ঘোষের একটি পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিন্তু সাধারণ সংখ‍্যালঘু পরিবারের বাড়িতে হামলার প্রমাণ তারা পাননি বলে দাবি করেছে।

বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন

নড়াইলের ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে চলমান উদ্বেগকে আরও সামনে নিয়ে এসেছে। গত ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, সম্পত্তি দখল ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হলেও তার শিকার কোনও সংখ‍্যালঘু পরিবার হলে তাঁদের নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার অস্বীকার করা যায় না। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরে নজর রয়েছে দিল্লির। তা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর কুমার।

নড়াইলের কালিয়ায় অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার ঘটনা বাস্তব। দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধের নামে নিরপরাধ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও লুটপাটও অপরাধ বলে রাজনৈতিক মহল মনে করছে। তাঁরা দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি করেছে।


Share