South Africa Killings

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের দু’টি পানশালায় হামলা! এলোপাথাড়ি গুলিতে নিহত ২৭ জন নাগরিক, গুরুতর জখম ২৬ জন

পরপর এই দুই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই হামলাটি কী কোনও জঙ্গি হামলা, তা-ও স্পষ্ট করেনি দক্ষিণ আফ্রিকার সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পালানোর সময় গাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ ও কেপটাউনে দু’টি পানশালায় হামলা। ঘটনায় পরপর দুটি গুলিচালনার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ২৬ জন মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে।

ভিসেগ্রাদ-২৪-এর প্রতিবেদন অনুযায়ী, জোহানেসবার্গের পশ্চিমে ওয়েডেলা এলাকায় রাতে একটি পানশালায় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময় আট জন দুষ্কৃতী একে-৪৭ এবং পিস্তল নিয়ে পানশালায় ঢুকে পড়ে। পানশালার ভিতরে ও বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে, পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা প্রত্যক্ষদর্শীদের তল্লাশি করে। তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে নেয়। এরপর দু’টি গাড়িতে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অন্য দিকে, রবিবার ভোরে কেপ টাউনের শহরতলি ল্যান্ডওয়ান্ডলে আরও একটি পানশালায় গুলিচালনার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, ওই হামলায় ১০ জন মানুষ নিহত হয়েছেন। ১১ জন ঘটনায় জখম হয়েছেন। ভিসেগ্রাদ-২৪-এর সূত্রে উদ্ধৃত করে জানিয়েছে, কয়েক জন বন্দুকধারী একটি বিনোদনকেন্দ্রে ঢুকে সেখানে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জখম ১১ জনের চিকিৎসা চলছে।

পরপর এই দুই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই হামলাটি কী কোনও জঙ্গি হামলা, তা-ও স্পষ্ট করেনি দক্ষিণ আফ্রিকার সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share