Khalistani Terrorist

পান্নুনের মামলায় ভারত সরকারকে সমন পাঠাল আমেরিকা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ খালিস্তানি জঙ্গির

গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে জমা দেওয়া একটি নথিতে আমেরিকার বিদেশ দফতর সমনগুলি পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশ দফতর সোমবার ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল।

খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পান্নুন।
নিজস্ব সংবাদদাতা, খলিস্তান
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৯:১৯

খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পান্নুনের দায়ের করা একটি মামলায় আমেরিকার বিদেশ দফতর ভারত সরকারকে সমন পাঠিয়েছে বলে জানা গিয়েছে। খালিস্তানি জঙ্গির দাবি, তাকে হত‍্যার চেষ্টা করা হয়েছিল। তা নিয়ে পান্নু মামলা করে। সেই মামলার ভিত্তিতে ওয়াশিংটন আমেরিকার ভারতীয় দূতাবাসে নোটিস পাঠিয়েছে। ওয়াশিংটনের দাবি, এই মামলায় তাঁরা কোনও পক্ষ নিচ্ছে না। তাই তাঁরা পদক্ষেপ করতে বাধ্য। ওই মামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নামও অভিযুক্তদের তালিকায় রয়েছে।

গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে জমা দেওয়া একটি নথিতে আমেরিকার বিদেশ দফতর সমনগুলি পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশ দফতর সোমবার ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল। ওই নোটটি ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)-এর আইনি উপদেষ্টা পান্নুনকে খুনের ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে এই দেওয়ানি মামলাটি দায়ের করেছে। খালিস্তানি জঙ্গির অভিযোগ, ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা RAW-কে ব্যবহার করে তাকে নাকি অজিত ডোভাল হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। যদিও তবে আমেরিকার বিদেশ দফতর স্পষ্ট করেছে, কূটনৈতিক নোট পাঠানো একটি প্রক্রিয়াগত পদক্ষেপ মাত্র। চলমান দেওয়ানি মামলার বিষয়ে এর মাধ্যমে কোনও অবস্থান বা মতামত প্রকাশ করা হয়নি। অন্য দিকে, ভারত পান্নুনের মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ভারতীয় আধিকারিকদের যোগ থাকার অভিযোগও নস্যাৎ করে দিয়েছে দিল্লি।

বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আমেরিকার বিচার বিভাগের তদন্ত করেছে। তার পরেই এই দেওয়ানি মামলাটি দায়ের করা হয়। এই ষড়যন্ত্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের নাম উঠে আসে বলে দাবি করা হয়েছে। তাঁকে মাদক ও অস্ত্র পাচারকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। গত ২০২৩ সালের জুন মাসে চেক প্রজাতন্ত্রের প্রাগে গ্রেফতার করা হয় নিখিল গুপ্তকে। পরে নিখিলকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়।

আমেরিকার বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র করেছিলেন নিখিল গুপ্ত। এই কাজে বিকাশ যাদব সেই সময় RAW-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি। এ ছাড়াও আরও কয়েক জন ষড়যন্ত্রকারীর সঙ্গে নিখিল কাজ করেছিলেন বলে অভিযোগ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি অভিযোগে নিজের দোষ স্বীকার করেন নিখিল গুপ্ত। তার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্র, অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্রে সহযোগিতা এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষের দিকে তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা।

আমেরিকার মাদক নিয়ন্ত্রণ সংস্থা এই ষড়যন্ত্রে বিকাশ যাদব ও নিখিল গুপ্তের সরাসরি যোগাযোগের কথা উল্লেখ করে কিছু তথ্য প্রকাশ করেছে। তাঁদের দাবি, পান্নুনকে হত্যার কাজ সম্পন্ন করার জন্য নিখিল গুপ্তের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিকাশ যাদব। বিকাশ যাদব ২০০৮ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন। পরে ক্যাবিনেট সচিবালয়ের মাধ্যমে তাঁকে RAW-তে অন্তর্ভুক্ত করা হয়।

গত ২০২৪ সালের অক্টোবর মাসে বিকাশ যাদবের বিরুদ্ধে আমেরিকার বিচার বিভাগ অভিযোগ আনে। বর্তমানে ভারতের একটি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। আমেরিকার তদন্তের পর ভারত সরকারও একটি কমিটি গঠন করে। হত্যার ষড়যন্ত্র নিয়ে আমেরিকা যে বিষয়গুলি উত্থাপন করেছে সেটাই খতিয়ে দেখাই ছিল ওই কমিটির উদ্দেশ্য।

গত ২০১৯ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপি)-এর অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পান্নুনকে জঙ্গি হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে শিখস ফর জাস্টিস (SFJ)-কে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। SFJ এবং তার সদস্যদের খালিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। আমেরিকা ও কানাডা-সহ একাধিক দেশে সংগঠনটির কার্যকলাপ রয়েছে বলে জানা যায়। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে হিংসার ডাক দেওয়া এবং দেশে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে।

খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্র এবং ২০২৩ সালে কানাডায় হরদীপ সিংহ নিজ্জর খুনের ঘটনা নিয়ে ভারত বরাবরই নিজেদের কোনও যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছে। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় আধিকারিকদের জড়িত থাকার অভিযোগ তোলার পর কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। দিল্লির বক্তব্য ছিল, ভারতীয় আধিকারিকদের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র প্রমাণ করার মতো কোনও তথ্য কানাডা তাদের হাতে তুলে দেয়নি। পরবর্তীতে দুই দেশই একে অপরের কূটনৈতিক মিশন থেকে আধিকারিকদের বহিষ্কার করে। নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে নেয়।

খালিস্তানি জঙ্গি পান্নুনের মামলাকে ‘মনগড়া ও বিদ্বেষপূর্ণ’ বলল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আনা মনগড়া ও বিদ্বেষপূর্ণ অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে এই ভিত্তিহীন মামলাগুলিও আমরা খারিজ করছি। ভারতে বিচারবিভাগীয় নথি পাঠানোর কোনও অনুরোধ শুধুমাত্র ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমেই পাঠানো যেতে পারে। সেই কর্তৃপক্ষ হল আইন ও বিচার মন্ত্রক।”

তিনি আরও স্পষ্ট করেন, ভারতে বিচারবিভাগীয় নথি পাঠানোর জন্য নির্দিষ্ট সরকারি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মেনেই আবেদন করতে হবে।


Share