OpenAI Data Theft

গোপনে অডিয়ো রেকর্ডিং ডিভাইস বসানোর অভিযোগ, গ্রেফতার OpenAI-এর কর্মী আব্দুলরহমান আলফোজান, ধৃত সৌদি নাগরিক বলে জানাল আমেরিকা

OpenAI-এর এক্সিকিউটিভ কনফারেন্স রুমে গোপনে অডিয়ো রেকর্ডিং ডিভাইস বসানোর অভিযোগে সৌদি নাগরিক ইঞ্জিনিয়ার আব্দুলরহমান আলফোজানকে গ্রেফতার করেছে আমেরিকার তদন্তকারী সংস্থা।

ধৃতের নাম আব্দুলরহমান আলফোজান।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেস্ক, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১২:৩৪

আমেরিকার প্রযুক্তি সংস্থা OpenAI-এর এক কর্মীকে গোপনে কথোপকথন রেকর্ড করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আব্দুলরহমান আলফোজান (৩৫)। ধৃত সৌদি আরবের নাগরিক। গত ৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আমেরিকার ফেডারেল আদালতে হাজির করানো হয়েছে।

আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, সংস্থার দফতরে এক্সিকিউটিভদের কনফারেন্স হল রয়েছে। সেখানে গোপনে অডিয়ো রেকর্ডিং ডিভাইস বসিয়ে সংস্থার অভ্যন্তরীণ কথোপকথন রেকর্ড করার চেষ্টা করেছিল আলফোজান। তাঁর বিরুদ্ধে মৌখিক কথোপকথন আটকানোর উদ্দেশ্যে ইলেকট্রনিক, যান্ত্রিক বা অন্য কোনও যন্ত্র ব্যবহার করা কিংবা ব্যবহারের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

আমেরিকার কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার সঙ্গে সংস্থার অত্যন্ত গোপনীয় প্রযুক্তিগত তথ্য, বাণিজ্যিক পরিকল্পনা এবং কৌশলগত সিদ্ধান্তের বিষয় জড়িত থাকতে পারে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাস থেকে OpenAI-তে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন সৌদি আরবের নাগরিক আলফোজান। গত ৩০ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে সংস্থার কর্মীরা সান ফ্রান্সিসকোর একটি অফিসের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে সন্দেহজনক একটি অডিয়ো রেকর্ডিং ডিভাইসের সন্ধান পান। ঘরের একটি টেলিভিশনের পিছনের দিকে থাকা ইউএসবি পোর্টে ডিভাইসটি লাগানো ছিল। সেটিকে টয়লেট পেপারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তদন্তে সংস্থার তরফে অনুমান করা হয়, ২৮ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে ডিভাইসটি সেখানে বসানো হয়েছিল। ডিভাইসটির মধ্যে থাকা তথ্য এনক্রিপ্ট করা ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আমেরিকার কর্তৃপক্ষের অভিযোগ, ডিভাইসটি উদ্ধারের আগে বিভিন্ন দিনে আলফোজানকে ওই এক্সিকিউটিভ কনফারেন্স রুমের আশপাশে দেখা গিয়েছিল। অফিসের সিসিটিভি ফুটেজে তার উপস্থিতির বিষয়টি উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। ওই ঘরে প্রায়শই সংস্থার অত্যন্ত গোপন বিষয় নিয়ে বৈঠক হত। আলোচনার বিষয়গুলির মধ্যে থাকত নিজস্ব প্রযুক্তি সংক্রান্ত গবেষণা, নতুন পণ্যের পরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ, প্রযুক্তিগত অগ্রগতি, সংস্থার কৌশলগত সিদ্ধান্ত, সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক।

তবে ওই ডিভাইসের মাধ্যমে ঠিক কী তথ্য রেকর্ড করা হয়েছিল বা কোনও তথ্য বাইরে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে অভিযোগপত্রে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বরের আগে আলফোজান একটি প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করে OpenAI-এর বিভিন্ন ভবনের ঠিকানা, মিটিং রুম, কক্ষগুলির ধারণক্ষমতা, বৈঠকের সময়সূচি, সংস্থার শীর্ষ কর্তাদের অবস্থান এবং বাইরের সঙ্গীদের সঙ্গে বৈঠক সংক্রান্ত বৈঠক করেছিল।

এ ছাড়াও, তাঁর স্ত্রীর সঙ্গে যুক্ত একটি চ্যাটবট অ্যাকাউন্ট থেকে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অডিয়ো রেকর্ডিং ডিভাইস তৈরি, কাস্টমাইজ করা, ইনস্টল করা, পরীক্ষা করা, গোপন রাখা এবং দূরে বসে সেটিকে কীভাবে ব্যবহার করা হয় তার পদ্ধতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছিল বলে অভিযোগ। সেই প্রশ্নগুলির মধ্যে ছিল— একটানা অডিয়ো রেকর্ডার তৈরি, ওয়াই-ফাই সংযোগ কাস্টমাইজ করা, অডিয়োর মান ও সরাসরি শোনার ব্যবস্থা উন্নত করা এবং মেমোরি চিপে তথ্য এনক্রিপ্ট করার পদ্ধতি। ২৭ ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে উদ্ধার হওয়া প্রথম ডিভাইসটির নির্দিষ্ট বৈশিষ্ট্য, কাস্টম হেডার এবং ম‍্যাক অ্যাড্রেস সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

গত ৫ অক্টোবর আলফোজান ওই এক্সিকিউটিভ কনফারেন্স রুমে প্রবেশ করেছিল বলে দাবি করা হয়েছে। সেখানে টিভির পিছনে প্রথম ডিভাইসটি বসানো হয়েছিল। সিসিটিভি ফুটেজে তাঁকে টেলিভিশনের পিছনের অংশটি দেখার চেষ্টা করতে দেখা গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। একই দিনে OpenAI-এর অন্য একটি ঘরে আলফোজানের একটি ব্যাগ অযত্নে পড়ে থাকতে দেখা যায়। সংস্থার নিরাপত্তাকর্মীরা ব্যাগটি পরীক্ষা করে তার মধ্যে তাঁর মানিব্যাগ ও পরিচয়পত্রের পাশাপাশি প্রথমটির মতোই আর একটি রেকর্ডিং ডিভাইস খুঁজে পান বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আমেরিকা ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জে ক্লেটন বলেন, এই ঘটনা বিশ্বব্যাপী সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকার পাশাপাশি জাতীয় নিরাপত্তার গুরুত্বও তুলে ধরেছে। তিনি এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল এবং তদন্তকারী সংস্থার সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল বলেন, “অভিযোগপত্র অনুযায়ী, আলফোজান তাঁর কর্মস্থলের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে গোপনে রেকর্ডিং ডিভাইস লুকিয়ে রেখে সংস্থার সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তি সংক্রান্ত সংবেদনশীল কথোপকথন রেকর্ড করার চেষ্টা করেছিল। আমেরিকার প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক শক্তি এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা এফডিআইয়ের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম।”


Share