Narco Terrorism

আমেরিকান সেনার অভিযানে নিকেশ ১১ জন জঙ্গি, নৌকায় করে মাদক পাচার করা হচ্ছিল বলে অভিযোগ

তল্লাশির সময় তারা দেখতে পায়, তিনটি নৌকায় বেশ কয়েক জন রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়। কিন্তু আমেরিকার সেনার সতর্কবার্তা উপেক্ষা করেই নৌকা ছোটাচ্ছিল তাঁরা। তার পরই তিনটি নৌকা লক্ষ্য করে হামলা চালায় সেনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২০

পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে জঙ্গিদের তিনটি নৌকায় পর পর অভিযান চালাল আমেরিকার সেনা। সোমবার রাতে পৃথক দু'টি হামলায় ১১ জন নিকেশ হয়েছে। আমেরিকা সেনার সাদার্ন কমান্ড মঙ্গলবার জানিয়েছে, ওই নৌকা করে মাদক পাচার করা হচ্ছিল।

আমেরিকান সেনা সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে নামেন তাঁরা।

তল্লাশির সময় তারা দেখতে পায়, তিনটি নৌকায় বেশ কয়েক জন রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়। কিন্তু মার্কিন সেনার সতর্কবার্তা উপেক্ষা করেই নৌকা ছোটাচ্ছিল তাঁরা। তার পরই তিনটি নৌকা লক্ষ্য করে গোলাগুলি চালায় সেনা।

বিবৃতি জারি করে সাদার্ন কমান্ড জানিয়েছে, হামলায় মাদক পাচারকারী ১১ জঙ্গি নিকেশ হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রথম ও দ্বিতীয় নৌকায় আট জন এবং ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় নৌকায় তিন জন জঙ্গি ছিল। সোমবার রাতের এই হামলার পর ওই দুই অঞ্চলে আমেরিকান সেনার অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ১৩৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবারেও ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী একটি নৌকায় অভিযান চালায় আমেরিকার সেনা। সেই ঘটনায় তিন জঙ্গি নিকেশ হয়েছিল। প্রসঙ্গত, ওই দুই অঞ্চল মাদক পাচারের মসৃণ পথ হয়ে উঠেছিল। কিন্তু ওই দুই অঞ্চলে মার্কিন সেনার নজরদারি বেড়েছে। ফলে মাদক পাচারকারীদের রুখতে তাদের নৌকায় অভিযান চালাচ্ছে আমেরিকান সেনা।


Share