Accident

দীঘার শুটিং শেষে সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি, জলে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের

শুটিং শেষে সমুদ্রে নেমে গভীরে চলে যাওয়ায় বালুচরে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, দীঘা
  • শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৮:৫১

দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া। 

জানা গিয়েছে, শুটিং শেষে তিনি সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় বিপত্তি ঘটে। জলে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় সমুদ্রের অনেকটা গভীরে চলে গিয়েছিলেন। ওই এলাকায় বালুচরের উপস্থিতি ছিল। আর সেখানে পড়েই তিনি জলে তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি।

স্থানীয় সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিনয় জীবনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'চাকা' ছবির মাধ্যমে প্রথম নজরে আসেন। তবে 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন। তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। বর্তমানে তিনি স্টার জলসায় অনুষ্ঠিত 'ভোলে বাবা পার কারেগা'- নামক ধারাবাহিকে কাজ করছিলেন। তাঁর এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার- সহ সহকর্মী ও অনুরাগীরা।


Share