Manilal Nag Passed Away

বিষ্ণুপুর ঘরানার সেতারে থামল সুর, প্রয়াত পদ্মশ্রী প্রাপক পণ্ডিত মণিলাল নাগ

পণ্ডিত মণিলাল নাগের প্রয়াণে বাংলা হারাল বিষ্ণুপুর ঘরানার এক উজ্জ্বল নক্ষত্র ও শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সাধককে।

সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০২:৫৮

শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে নেমে এল শোকের ছায়া। প্রয়াত বিষ্ণুপুর ঘরানার সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ। সোমবার গভীর রাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা হল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। মঙ্গলবার সমাজমাধ্যমে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানাকে দেশ-বিদেশের দরবারে পরিচিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মণিলাল নাগের। ধ্রুপদ-সমৃদ্ধ এই সঙ্গীতধারার অন্যতম প্রধান প্রতিনিধি ছিলেন তিনি। সেতারবাদনে নিজস্ব শৈলী, অসাধারণ দক্ষতা এবং দীর্ঘদিনের সাধনার মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন এই শিল্পী। তাঁর সেতারের সুরে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের অসংখ্য সঙ্গীতপ্রেমীরা।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত মণিলাল নাগ। দীর্ঘ এই সঙ্গীতজীবনে অসংখ্য শ্রোতার কাছে পৌঁছে দিয়েছেন বিষ্ণুপুর ঘরানার ঐতিহ্য ও বৈশিষ্ট্য। শুধু মঞ্চে অনুষ্ঠান পরিবেশনই নয়, নতুন প্রজন্মের শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর হাত ধরেই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে এই ঘরানার সঙ্গীতচর্চার নানা দিক।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। বিষ্ণুপুর ঘরানার প্রথম সঙ্গীতশিল্পী হিসেবে এই সম্মান অর্জন করেছিলেন তিনি। এর আগে ২০০১ সালে পেয়েছিলেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার।

মণিলাল নাগের সঙ্গীতের উত্তরাধিকার বহন করছেন তাঁর মেয়ে মিতা নাগও। তিনিও একজন বিশিষ্ট সেতারশিল্পী। পণ্ডিত মণিলাল নাগের প্রয়াণে শুধু একজন শিল্পীকে হারাল না বাংলা, হারাল শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল ঐতিহ্যের ধারককে। তাঁর সৃষ্টি, সাধনা এবং সেতারের সুর আগামী দিনেও সঙ্গীতপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।


Share