Dhurandar Movie

সিনেমা হল থেকে ওটিটি সর্বত্র ‘ধুরন্ধর’-এর দাপট, আদিত্য ধরের ‘বড় সারপ্রাইজ’ ঘিরে শুরু ‘ধুরন্ধর ৩’ নিয়ে জোর গুঞ্জন

সম্প্রতি চলচ্চিত্র জগতের অন্যতম এক প্রয়োজক জ্যোতি দেশপান্ডে বলিউড হাঙ্গামাকে এক সাক্ষাৎকার দিয়েছেন। তখনই 'ধুরন্ধর ৩' আসার জল্পনাকে কিছুটা উস্কে দিয়েছে।

রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর'
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০১:০৭

বর্তমানে অন্যতম জনপ্রিয় এক সিনেমা 'ধুরন্ধর'। নবীন থেকে প্রবীণ প্রায় প্রত্যেকেই 'ধুরন্ধর' ১ ও ২ দেখে ফেলেছে। বক্স অফিসের রেকর্ড ভেঙেছে রণবীর সিং অভিনীত এই সিনেমাটি৷ আদিত্য ধরের পরিচালিত এই সিনেমাটি জনপ্রিয়তা লাভ করেছে। সিনেমা হল বা ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গায় জনপ্রিয়তা লাভের পর এ বার চলচ্চিত্র মহলে ভেসে আসছে এক গুঞ্জন। তবে কী প্রথম ও দ্বিতীয় পর্বের পরে আসতে পারে 'ধুরন্ধর ৩'।

সম্প্রতি চলচ্চিত্র জগতের অন্যতম এক প্রয়োজক জ্যোতি দেশপান্ডে বলিউড হাঙ্গামাকে এক সাক্ষাৎকার দিয়েছেন। তখনই 'ধুরন্ধর ৩' আসার জল্পনাকে কিছুটা উস্কে দিয়েছে। তিনি জানিয়েছেন, ধুরন্ধর নিয়ে তাঁদের কাজ এখনও শেষ হয়নি এবং এই বছরের শেষের দিকে দর্শকদের জন্য একটি ‘বড় সারপ্রাইজ’ অপেক্ষা করছে। যদিও তিনি সরাসরি তৃতীয় পর্বের কথা উল্লেখ করেননি, তবে তাঁর এই ‘বড় সারপ্রাইজ’ মন্তব্য ঘিরেই এখন চর্চা তুঙ্গে।

২০২৫ সালে মুক্তি পেয়েছিল 'ধুরন্ধর ১'। প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল, যার মধ্যে ভারতেই ১ হাজার কোটির বেশি সংগ্রহ হয়েছিল। সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় ছবির দ্বিতীয় পার্ট, যা বিশ্বজুড়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকার অবিশ্বাস্য ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে।

রণবীর সিং মুখ্য অভিনেতা হলেও সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের মতো একঝাঁক তারকার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে সিনেমাপ্রেমীদের একাংশের ধারণা, চলতি বছরের শেষে নির্মাতারা সম্ভবত ‘ধুরন্ধর ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণাই করতে চলেছেন।

প্রথম পর্বটি নেটফ্লিক্সে জনপ্রিয় হওয়ার পর, এ বার ওটিটি-তে আসার অপেক্ষায় রয়েছে ‘ধুরন্ধর ২’। জানা যাচ্ছে, মে মাসের মধ্যেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে, যদিও নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আপাতত বছরের শেষের সেই ‘সারপ্রাইজ’ এবং আদিত্য ধরের পরবর্তী পদক্ষেপের দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। 


Share