Dev Matchmaker

এ বার ঘটকের ভূমিকায় দেব! ‘দাদাগিরি’র মঞ্চেই পাত্র-পাত্রীর খোঁজ, কবে হবে বিয়ের পাকা কথা?

‘দাদাগিরি’র মঞ্চে এ বার ঘটকের ভূমিকায় দেব, পাত্র-পাত্রী স্পেশাল পর্বে বিয়ের উপযুক্ত সঙ্গী খোঁজার সুযোগ, সম্প্রচারের দিন এখনও ঘোষণা হয়নি।

বাংলার সুপারস্টার দেব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০১:৩৯

বাংলার সুপারস্টার দেবকে এ বার দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। অভিনয় কিংবা সঞ্চালনা নয়, ‘দাদাগিরি’র মঞ্চে এবার ঘটকের দায়িত্ব সামলাবেন তিনি! বিয়ের জন্য পাত্র-পাত্রীর খোঁজ চলবে এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চেই। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে কবে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব, তা এখনও জানানো হয়নি।

বাংলার দর্শকের কাছে দেব শুধুই বড় পর্দার অভিনেতা নন, বহু অনুরাগীর স্বপ্নের নায়কও। তাঁর অভিনয়, হাসি এবং ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। চলতি বছর ‘দাদাগিরি’র নতুন সিজনের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এসে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে শুরুতে অনেকের মনেই প্রশ্ন ছিল। তবে দেবের সঞ্চালনায় শোয়ের জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি দর্শকদের আগ্রহও বেড়েছে।

এ বার সেই মঞ্চেই আসছে নতুন চমক। চ্যানেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেবকে হাতজোড় করে দেখা গিয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে, ‘পাত্র-পাত্রী স্পেশাল’। বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য থাকছে বিশেষ সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজযোটক জুটির সন্ধানে পাত্র আসবেন মায়ের সঙ্গে এবং পাত্রী আসবেন বাবার সঙ্গে। আগ্রহীদের যোগাযোগের জন্য দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 8240663039। অর্থাৎ, এই বিশেষ পর্বে বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজতে দুই পরিবারের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ঠিক কীভাবে পাত্র-পাত্রী বাছাই হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চেও এই ধরনের বিশেষ পর্ব দেখা গিয়েছে। তবে ‘দাদাগিরি’তে এমন উদ্যোগ এই প্রথম। ফলে এই পর্ব ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

অন্যদিকে, দেবের নিজের বিয়ে নিয়েও ‘দাদাগিরি’র মঞ্চে একাধিকবার প্রশ্ন উঠেছে। ইমন থেকে সুদীপা চট্টোপাধ্যায়-অনেকেই তাঁকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছেন। কিন্তু কৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন অভিনেতা। আপাতত বিয়ের বদলে কেরিয়ারেই মন দিতে চান দেব। তবে অন্যদের মনের মানুষের সন্ধান দিতে এবার ঘটকের ভূমিকায় কতটা সফল হন তিনি, সেটাই দেখার।


Share