Amir Khan Meet Arijit Singh

মুর্শিদাবাদে অরিজিৎ সিংহের বাড়িতে বলিউড অভিনেতা আমির খান! রাজনীতি না প্লেব‍্যাকে প্রত্যাবর্তন? তুঙ্গে জল্পনা

সূত্রের খবর, রবিবার রাতে বলিউড অভিনেতা আমির খান রাজ্যে এসেছেন। সোমবার সকালে সড়কপথে অরিজিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কী করণে এই বৈঠক তা এখনও স্পষ্ট নয়।

গায়ক অরিজিৎ সিংহ এবং বলিউড অভিনেতা আমির খান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪২

গত সপ্তাহে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ প্লেব্যাক থেকে আকস্মিক অবসরের ঘোষণা করেছেন। সক্রিয় রাজনীতির ময়দানে পা রাখার জল্পনা টিকিয়ে রেখেছেন। এ বার অরিজিৎ সিংহের বাড়িতে পৌঁছোলেন বলিউড অভিনেতা আমির খান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে এসেছেন অভিনেতা আমির খান। সোমবার সকালে তাঁর বাড়িতে এসেছেন বলে জানা গিয়েছে। কী কারণে তাঁর বাড়িতে এসেছেন অভিনেতা তা এখনও স্পষ্ট নয়। তবে কি প্লেব‍্যাকে ফের প্রত‍্যাবর্তন করতে চলেছেন, তা নিয়ে জল্পনা আবার শুরু হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে বলিউড অভিনেতা আমির খান কলকাতায় এসেছেন। সোমবার সাতসকালে সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন আমির। তার পরে পুলিশের ঘেরাটোপে জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের পৈতৃক বাড়িতে হাজির হন।

গত কয়েক দিন আগে প্লেব‍্যাক থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। নিজের সমাজমাধ‍্যমেই সেই কথা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, “নতুন বছরের সকলকে শুভেচ্ছা। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। এখানেই‍ থামলাম। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” এর পর থেকে জল্পনা শুরু হয়। এমনকী, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনীতির ময়দানে অরিজিৎ সিংহকে দেখা যেতে পারে বলেও চর্চা চলছে। যদিও সেই বিষয়ে সরাসরি কিছু না জানিয়ে জল্পনা আরও বাড়িয়েছে জনপ্রিয় গায়ক।

কী কারণে বলিউড অভিনেতা আমির খান তাঁর বাড়িতে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। আমির-অরিজিৎ বৈঠক নিয়ে গায়ক নিজেও কিছু জানাননি। আমির খানের আগামী প্রজেক্টে অরিজিতের কণ্ঠ ছিল অপরিহার্য। অন্যদিকে, জিয়াগঞ্জে অরিজিতের সমাজসেবামূলক কাজের প্রতিও আমিরের বিশেষ শ্রদ্ধা রয়েছে। তাই অনুরাগীরা মনে করছেন, তাঁকে প্লেব‍্যাক থেকে অবসরের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করারও অনুরোধ জানাতে পারেন অভিনেতা আমির খান। এই দুই তারকার মধ্যে রসায়ন 'দঙ্গল'- সিনেমার সময় থেকেই অত্যন্ত গভীর রয়েছে। অরিজিতের 'তেরে হাওয়ালে' বা 'গিলহরিয়াঁ'-র মতো গানগুলো আমিরের নিখুঁত অভিনয়ের সাথে একাত্ম হয়ে গিয়েছিল। কয়েক বছর আগে একটি ভার্চুয়াল দাবা প্রতিযোগিতায় তাঁদের একসাথে দেখা গিয়েছিল।


Share