Assembly Election

‘ভোট ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে' মনোজকুমার আগরওয়ালকে ফোন জ্ঞানেশ কুমারের

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে ফোন করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৪:১৫

‘ভোট কেমন চলছে?’ পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে ফোন করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফোনে তিনি জানান, ‘ভোট ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।’

বৃহস্পতিবার সকাল থেকেই নওদা, ইসলামপুর, চোপড়া, কুমারগঞ্জ-সমেত একাধিক বিধানসভা কেন্দ্রে ছিটেফোঁটা অশান্তির খবর মিলেছে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে, কোথাও আবার বিজেপি এজেন্টকে মারধরের ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি, বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এই পরিস্থিতিতে মনোজকুমার আগরওয়াল সব জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, শুধু বুথের ১০০ মিটারের মধ্যে নয়, প্রয়োজনে তার বাইরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। প্রয়োজন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নওদা বিধানসভা এলাকায় আমজনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ এবং দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।

এ দিন দুপুর তিনটা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ। জেলার ভিত্তিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর ৮১.৪৯ শতাংশ, আর সবচেয়ে কম ভোটের হার দেখা গিয়েছে কালিম্পঙে, ৫৮.৪৫ শতাংশ।


Share