Abduction

বিজেপিকে ভোট দেওয়ায় নাবালিকাকে অপহরণ! রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে চার দিনের মধ্যে উদ্ধার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্তকে গ্রেফতার করতে একটি দল কর্নাটকে অভিযান চালায়। সেখানকার কোপ্পাল গ্রামীণ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেই প্রবীর বারিককে গ্রেফতার করে। তাঁকে পুলিশ রিমান্ডে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে।

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৬

এলাকায় বিজেপি করায় নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ শুনেই দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের। পুলিশ সূত্রের খবর, নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মীকে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার ‍নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছিলেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেখানে গিয়ে একাধিক স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেন। সেখানকার মানুষ তাঁকে দেখে কেঁদে ফেলতেও দেখা যায়। তাঁকে ২০২১ সালের নির্বাচনের পরে ভয়বহ ঘটনার বর্ণনা করেন। তার মধ‍্যে এক পরিবারের অভিযোগ ছিল, তাঁরা এলাকায় বিজেপি করেন। বিজেপিকে ভোট দিয়েছিলেন। তাই তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। তিন মাস আগে তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছিল। থানায় জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। কোনও মামলাই রুজু করেনি পুলিশ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল তা শুনেই নির্বাচনের আগেই নাবালিকা যে কোনও ভাবে উদ্ধার করে আনার জন্য জেলা পুলিশের সুপারকে নির্দেশ দেন। তার পরেই গতকাল খেজুরি থানায় মামলা রুজু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলা রুজু হওয়ার পরেই তদন্ত শুরু হয়। তার পরে খেজুরি থানার পুলিশ হেঁরিয়া থানায় যোগাযোগ করে। দুই থানার যৌথ অভিযানে নন্দীগ্রাম থানার এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।

জান গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে একটি দল কর্নাটকে অভিযান চালায়। সেখানকার কোপ্পাল গ্রামীণ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেই প্রবীর বারিককে গ্রেফতার করে। তাঁকে পুলিশ রিমান্ডে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে।


Share