Assembly Election

দ্বিতীয় দফার ভোটের মুখে নজিরবিহীন নিরাপত্তা, স্পর্শকাতর এলাকায় মোতায়েন এনআইএ

জানা গিয়েছে, বুধবার থেকেই কলকাতা পুলিশের অধীন ভাঙড় ও কসবার মতো উত্তেজনাপ্রবণ এলাকায় এনআইএ-র উপস্থিতি থাকবে। বর্ধমানেও যাচ্ছে একটি বিশেষ দল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:১১

রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সূত্রের খবর, অতীতের হিংসা এবং বিস্ফোরণের ঘটনার ভিত্তিতে রাজ্যের সাতটি স্পর্শকাতর এলাকায় পৌঁছচ্ছে এনআইএ-র বিশেষ দল।

তালিকায় রয়েছে কলকাতার উপকণ্ঠ ভাঙড় ও কসবা, পাশাপাশি খাগড়াগড় বিস্ফোরণের জন্য আলোচিত বর্ধমান। জানা গিয়েছে, বুধবার থেকেই কলকাতা পুলিশের অধীন ভাঙড় ও কসবার মতো উত্তেজনাপ্রবণ এলাকায় এনআইএ-র উপস্থিতি থাকবে। বর্ধমানেও যাচ্ছে একটি বিশেষ দল।

মূলত জেএমবি যোগ এবং খাগড়াগড় বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নজরদারি। এছাড়াও তালিকায় রয়েছে হুগলি, নদীয়া, বারুইপুর, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর। এই প্রতিটি এলাকাতেই অতীতে বড়সড় বিস্ফোরণ বা শুটআউটের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, মালদার মোথাবাড়ির ঘটনার পর শীর্ষ আদালতের নির্দেশে একাধিক স্পর্শকাতর মামলার তদন্তভার এখন এনআইএ-র হাতে। গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশীপুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনা এই তৎপরতাকে আরও জোরদার করেছে।

ভোটের আগে এনআইএ-র এই সক্রিয়তা ঘিরে প্রশ্ন উঠছে বড় কোনো নাশকতার ছক কি আগেভাগেই ভেস্তে দেওয়া হচ্ছে? এখন সেই উত্তর খুঁজছে গোটা রাজ্য।


Share