Assembly Election

‘কলকাতাকে বস্তির শহর’ মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর! অমিত শাহকে পাল্টা তৃণমূল

আগামী ৪ মে ফল ঘোষণার প্রসঙ্গ টেনে শাহ দাবি করেন, মমতার শাসনের ‘উল্টো গণনা’ শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, “১টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরই হবে দিদি টাটা, গুড বাই!”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৮:২০

প্রথম দফার ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে কলকাতার হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তর দমদমের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সিপিএম শাসন এবং বর্তমানে তৃণমূলের রাজত্বে তিলোত্তমা এখন ‘বস্তির শহর’-এ পরিণত হয়েছে। শাহের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর বিতর্কের ঝড় উঠেছে।

এ দিন দমদমের বিজেপি প্রার্থীর প্রচার মঞ্চ থেকে শহরবাসীর আবেগ উসকে দিয়ে শাহ বলেন, “এই ভোট শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটি কলকাতার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই।” এরপরই তিনি শাসকদলকে তীব্র আক্রমণ করে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন৷ শাহের অভিযোগ, দিদির রাজত্বে এবং আগের কমিউনিস্টদের আমলে গোটা শহর বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। দেশের অন্যান্য শহর বস্তিমুক্ত হলেও, মুখ্যমন্ত্রী তার প্রয়োজন মনে করেন না।

ভোটপ্রচারের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে এই বস্তিগুলিতেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন। সাধারণ মানুষ উন্নত জীবনযাপন করুক, তা তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চান না।”

আগামী ৪ মে ফল ঘোষণার প্রসঙ্গ টেনে অমিত শাহ দাবি করেন, মমতার শাসনের ‘উল্টো গণনা’ শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, “১টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরই হবে দিদি টাটা, গুড বাই!”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘বস্তির শহর’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস শাহের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। নিজেদের সোশ্যাল মিডিয়ার পোস্ট করে তারা লিখেছেন, "অমিত শাহ, কলকাতা হল সিটি অফ জয়, ভালোবাসার শহর, ভারতের সাংস্কৃতিক রাজধানী, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, আর ভারতের সবচেয়ে নিরাপদতম শহর।”

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতাকে অপমান করেছেন। তৃণমূলের এক নেতা বলেন, “আজ আপনি কলকাতাকে বস্তির শহর বলে যে অপমানটা করলেন, সেটা কলকাতা কখনও ভুলবে না।"


Share