Assembly Election

একই আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা! প্রকাশ‍্যে কৃষ্ণনগরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব, তুঙ্গে রাজনৈতিক তরজা

গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী। বুধবার সেই আসনের জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছেন আরেক প্রার্থী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। এর পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

(বাঁ দিক থেকে) তারকনাথ চট্টোপাধ্যায় এবং চঞ্চল বিশ্বাস।
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:০৬

একই বিধানসভা আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন চঞ্চল বিশ্বাস এবং তারকনাথ চট্টোপাধ্যায়। দু’জনেই নিজেকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন।

গত ৭ এপ্রিল শোভাযাত্রা করে নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসক দফতরে মনোনয়নপত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়। যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মীদের একাংশ।

এ দিকে আজ, বুধবার কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। স্বাভাবিকভাবেই একই বিধানসভা কেন্দ্রে দুই বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

বিজেপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, দল তাঁকে মনোনীত করেছেন বলেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার বাইরে আর কেউ মনোনয়নপত্র জমা দিয়েছে কিনা এই প্রসঙ্গে মুখ খুলতে তিনি নারাজ। 

অন‍্য দিকে, কৃষ্ণনগরের পরিচিত বিজেপি নেতা চঞ্চল বিশ্বাসের দাবি, দল তারকনাথ চ্যাটার্জিকে মনোনীত করলেও কর্মীরা মান্যতা দেয়নি। কর্মীদের চাহিদা অনুযায়ী এবং দলের নির্দেশ অনুসারে বুধবার তিনি জেলাশাসক দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 


Share