Assembly Election

নওদা কাণ্ডে দু'জন গ্রেফতার, ঘটনার রির্পোট তলব করল কমিশন

এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, হুমায়ুনের উপর হামলার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে। শুধু তাই নয় এ দিন হুমায়ুনকে পথ অবরোধ করতেও দেখা গিয়েছে।

নওদাতে দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, নওদা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৪:২৯

মুর্শিদাবাদের নওদা কাণ্ডে ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। নওদার শিবনগর এলাকা থেকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর হামলা করা হয় অভিযোগ উঠেছে। আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইটবৃষ্টির অভিযোগও ওঠে। হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় শেষে বিক্ষোভস্থল থেকে বেরোন হুমায়ুন।

এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, হুমায়ুনের উপর হামলার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে। শুধু তাই নয় এ দিন হুমায়ুনকে পথ অবরোধ করতেও দেখা গিয়েছে।

নওদায় ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ঘিরে ঝামেলা বাধে এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে হুমায়ুনের শিবির। পাল্টা তৃণমূলের দাবি, বুধবার রাতে নওদায় যাঁরা বোমাবাজি করেছেন, তাঁদের নিয়ে বৃহস্পতিবার ভোটের সকালে ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন। ঘটনাস্থলে হুমায়ুন এসে পৌঁছলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও। এর পরে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন। বলেন, নওদা তিনি ছাড়বেন না। পরে যখন তিনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, সেই সময়েই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।

নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের বক্তব্য, ‘যাঁরা কাল বোমাবাজি করেছে, হুমায়ুন তাঁদের নিয়ে ঘুরছে। যাঁরা আমাদের মেরেছে। আর এখন বলছে এজেন্ট বসতে দিচ্ছে না? কে কার এজেন্ট বসতে দেয়নি, আমাকে জানাক। বুধবার আমাদের কর্মীদের বাড়িঘর ভেঙেছে, আমাদের কর্মীদের হাত পা ভেঙেছে। হুমায়ুন এ সব করাচ্ছে।’


Share