TMC-BJP Clash

হরিণঘাটার বিজেপি কর্মীর মেয়েকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, প্রতিবাদ করায় কপালে জুটল মার, থানায় অভিযোগ দায়ের

এই ঘটনায় সন্তু রাউত হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান। পরে হরিণঘাটা থানায় হারাধন ঘোষ ও ছায়া রাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হরিণঘাটা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৬:৪৫

বিজেপি কর্মীর মেয়েকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নদিয়ার হরিণঘাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় প্রকাশ্যে ওই বিজেপি কর্মীকে অক‍থ‍্য ভাষায় গালিগালাজ এবং মারধর করারও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয় সূত্রের খবর, হরিণঘাটা পুরসভার বিজেপি কর্মী সন্তু রাউতের মেয়ে সঙ্গীতা রাউত উচ্চমাধ্যমিক পাস করেছেন। সঙ্গীতা ‘যুবসাথী’ প্রকল্পের ভাতার জন‍্য আবেদন করেন। নির্দিষ্ট সময়ের পর ভাতার টাকা পেয়ে যাবেন বলেও সরকারি বার্তা পেয়েছিলেন। এর পরই পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষ সঙ্গীতাকে ফোন করেন। সঙ্গীতার বাবাকে নিয়ে পুরসভায় এসে তাঁর সঙ্গে দেখা করার নির্দেশ দেন। 

সঙ্গীতা তার বাবাকে নিয়ে পুরসভার উদ্দেশ্যে রওনা দেন। বিজেপি কর্মীর কথায়, পুরসভায় যাওয়ার পথেই তৃণমূল কাউন্সিলর হারাধনের সঙ্গে দেখা হয়ে যায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হারাধন কেন বিজেপি কর্মী সন্তুর মেয়েকে ফোন করেছে তা জানতে চেয়েছিলেন। তার পরেই মেজাজ হারান তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর হারাধন পাল্টা বলছেন, “১০০ বার ফোন করব। বেশি কথা বলবি না। তুলে নিয়ে যাব।” এমনকী, কুকথার সঙ্গে মারধরও করা হচ্ছে। 

এই ঘটনায় সন্তু রাউত হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান। পরে হরিণঘাটা থানায় হারাধন ঘোষ ও ছায়া রাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষ। তিনি বলেন, “ওয়ার্ডের বাসিন্দারা প্রকল্পের টাকা পেয়েছেন কি না তা জানতেই ফোন করেছিলেন।” তাঁর দাবি, সন্তু রাউত আগে তাঁকে গালিগালাজ করেন। সেই পরিস্থিতিতে তিনি প্রতিক্রিয়া জানাতে বাধ্য হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share