Suvendu Adhikari

‘২১-এর মতো করতে দেব না,’ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা হুঙ্কার বিজেপি প্রার্থীর

শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগান দেখায় তৃণমূল কর্মীরা। নন্দীগ্রামের দীনবন্ধুপুরে ঘটনাটি ঘটেছে। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান দিয়েছে বিজেপির কর্মীরা। শুভেন্দু অধিকারীও পাল্টা স্লোগান দিয়েছে।

রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৬:৩৪

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূল কর্মীরা স্লোগান দেয়। এমনকী, তাঁকে দেখতেই ধাওয়া করতে থাকে তৃণমূল কর্মীরা। পাল্টা দিয়েছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

জানা গিয়েছে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দীনবন্ধুপুর এলাকায় প্রচারে যান। বিজেপি প্রার্থী সেখানে যেতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। 'চোর চোর' স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। এমনকী, বিরোধী দলনেতাকে দেখেই কার্যত ধাওয়া করতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। 'চোর, চোর, চোরটা... ওই চোর... চোর... চোর' বলে চিৎকার করতে থাকেন কয়েক জন তৃণমূল কর্মী। সেখানে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এ দিন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দিয়েছেন। অন্যদিকে, পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “আমার এমএলএ অফিসের সবাই পরিষেবা পেয়েছে।” এর পরেই শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ সব করে লাভ নেই। এ বারে আর হবে না ভাই। ২১-এর মতো আর করতে দেব না। আমি বলে দিলাম।”

বুধবার শুভেন্দু অধিকারী আরও বলেন, “প্রার্থী হিসেবে সবার কাছে আবেদন করার আমার অধিকার আছে। যে বলেছে তাঁকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভাল। দিনকাল পাল্টে গিয়েছে। এটা ২০২১ সাল নয়। আমি সব বাড়িতেই যাব।”

ঘটনায় রাজ‍্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওটাই ওদের কালচার। যে যাঁর নিজের নাম বলছে। কী করা যাবে! নিজেদের কী ডাক নাম তা জোর করে বলবে। যাতে পরে আমরা চিনতে পারি।”

এ বারে পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা নির্বাচন হবে। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা আগামী ৪ মে। বিজেপি ইতিমধ্যেই চার দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এখনও ছ’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। নন্দীগ্রাম এবং ভবানীপুর- দু’টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পবিত্র কর। উল্লেখ্য, শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন পবিত্র। তবে ভোটের আগেই দলবদলে তৃণমূলে যান। কার্যত রাতারাতি টিকিটও পেয়ে যান পবিত্র কর। অন্যদিকে, ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়বেন তৃণমূল নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।


Share