Assembly Election

তৃণমূলের নেতাদের সুরক্ষার জন‍্য এত পুলিশ! প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিন দিনের মধ্যে রাজ‍্য পুলিশের ডিজিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা ব্যক্তি, ফৌজদারি মামলার অভিযুক্ত এবং অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছে কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়।

রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:৪৬

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, যাঁর সুরক্ষায় যত নিরাপত্তারক্ষী থাকবে সে তত বড় নেতা। নির্বাচন ঘোষণার আগে ৮৩২ জন তৃণমূল নেতার নিরাপত্তায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এত জনকে কিসের জন‍্য নিরাপত্তা দেওয়া হয়েছে? কারা, কেন পুলিশি নিরাপত্তা পাচ্ছেন? অপ্রয়োজনীয় নিরাপত্তা কি তুলে নেওয়া যাবে? এই প্রশ্ন তুলে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী দু-তিন দিনের মধ্যেই পদক্ষেপ করতে বলেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রের খবর, নির্বাচন ঘোষণার আগে থেকে ৮৩২ জন তৃণমূলের নেতা-কর্মীদের নিরাপত্তায় পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৪৪ জন (যাঁদের মধ্যে তৃণমূলের সমর্থকেরাও রয়েছে) ব‍্যক্তির নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তৃণমূলের নেতাদের এত নিরাপত্তার কিসের প্রয়োজন? সেই বিষয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে দু-তিনের মধ্যে পদক্ষেপ করতে বলা হয়েছে। কমিশন এ-ও জানিয়েছে, এই বিষয়ে রাজ‍্য পুলিশের ডিজি-কে পেশাদার এবং নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করতে হবে।

উল্লেখ্য, জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা ব্যক্তি, ফৌজদারি মামলার অভিযুক্ত এবং অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছে কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়। ‘অপ্রত‍্যাশিত’ নিরাপত্তার প্রত‍্যাহারের নির্দেশ দেওয়া হয়। কমিশনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়। জামিনঅযোগ্য মামলার অভিযুক্ত অথচ এখনও গ্রেফতার হয়নি এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আগামী ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেফতারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


Share