TMC Leader Arrested

‘ভোট গন্ডগোল হলে দিতে যাওয়ার নেই,’ ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

কমিশন সূত্রের খবর, রাজ‍্য পুলিশকে পরিচয় নিশ্চিত করে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাজু মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। কমিশন জানিয়েছে, যে কোনও মূল্যে শান্তিপূর্ণ করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

ধৃত তৃণমূল নেতার নাম রাজু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৩৫

এ বারে ভোট যেন গন্ডগোল না হয়, আমাদের খাতায় লেখা থাকবে। এক মহিলা ভোটারের বাড়িতে ‘ছানাবড়া’ পাঠানোর নিদান দিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা।

ধৃত তৃণমূল নেতার নাম রাজু মন্ডল। তিনি মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। তিনি বহরমপুরের তৃণমূল প্রার্থী র হয়ে প্রচারে গিয়েছিলেন। সেই প্রচারের অনুষ্ঠানে গিয়ে এক ভোটারকে ভয় দেখানোর ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে তৃণমূল নেতা রাজু মন্ডল এক মহিলা ভোটারকে বলছেন, “যদি ভোট গন্ডগোল (যদি বিজেপিকে ভোট দেওয়ার থাকে) হয়েছে, তাহলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। আমি বাড়িতে রসগোল্লা, ছানাবড়া পাঠিয়ে দেব।” তৃণমূল নেতা রাজুর কথায়, “প্রতিটি বিষয়ে যদি কাজ করাতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে। সবাই পাড়ার লোক, পাড়ার ছেলে। যাঁরা তৃণমূল করে, ২৪ ঘন্টা মানুষের পাশে থাকে, তাঁদের কেই ভোট দিতে হবে।”

বেশ কিছু ক্ষণ হুমকির সুরে এক মহিলাকে বলায় উত্তরে ভোটার বলছেন, ‘দেব দেব দেব।’ এর পরেই তৃণমূল নেতা রাজু বলেন, “এই বছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, খাতায় সব এন্ট্রি করা থাকবে। কোন বাড়ির কে (কোন চিহ্নে) ভোট দিচ্ছে, আমাদের ক‍্যামেরা থাকবে।”

বহরমপুরের তৃণমূল নেতার কীর্তি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়। এর পরেই তা নির্বাচন কমিশনের নজরে আসে। কমিশন সূত্রের খবর, রাজ‍্য পুলিশকে পরিচয় নিশ্চিত করে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাজু মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। কমিশন জানিয়েছে, যে কোনও মূল্যে শান্তিপূর্ণ করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তাই এই কঠোর পদক্ষেপ করা হয়েছে। 

ঘটনা প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব‍্য বলেন, “এই গ্রেফতারি একটি স্পষ্ট বার্তা যা থেকে বোঝা যায় নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবেই হবে। যারা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বুঝে ওঠার আগেই জেলের ভিতরে চলে যাবে।”


Share