Assembly Election

তৃণমূল ক্ষমতায় এলে ভারী শিল্পে বিনিয়োগ আনার কী পরিকল্পনা? প্রশ্ন শুনে রেগে গেলেন ব্রাত্য বসু

রাজ্য বিজেপির এক নেতা বলেন, “তৃণমূল ঘোষণাপত্রে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মানুষকে বিভ্রান্ত করেছে। সত‍্য প্রশ্ন করলে রাগ হওয়াটাই স্বাভাবিক।”

সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা ব্রাত‍্য বসু।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৯:৫২

চতুর্থ বারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যে ভারি শিল্পের জন্য বিনিয়োগ নিয়ে কী পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্ন শুনেই রেগে গেলেন তৃণমূল নেতা। পরিকল্পনা নিয়ে বিস্তারিত না বলে, সাংবাদিককেই দলীয় ঘোষণাপত্র পুনরায় পড়ার নিদান দিলেন।

বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সেখানে দলের সহ-সভাপতি ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, চতুর্থ বারের জন‍্য তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে ভারি শিল্পে কত টাকা বিনিয়োগ হবে, কী ভাবে বিনিয়োগ হবে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা রয়েছে কি না। তা শুনেই তিনি কার্যত রেগে যান। গলার স্বর উঁচু করে তিনি বলেন, “আপনি একবার আমাদের ঘোষণাপত্রটি দেখে নিন।” 

তৃণমূল নেতা তথা দমদমের বিদায়ী বিধায়কের দাবি, তৃণমূল যে ঘোষণাপত্র আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে প্রকাশ করেছে, তাতে ভারি শিল্পের বিষয়ে ‘বিস্তারিত’ লেখা রয়েছে। তিনি রেগে গিয়ে বলেন, “তৃণমূলের ঘোষণাপত্রের মধ্যেই তা লেখা রয়েছে। আপ‍নার উচিত তৃণমূলের ঘোষণাপত্রটি ভালো করে পড়া।” ব্রাত‍্যের দাবি, তৃণমূল ভারি শিল্প নিয়ে যে ঘোষণা রাজ‍্যবাসীর কাছে এনেছে তা একটু তুলে গণমাধ্যমের কাছে দেখানো। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “একবার ভালো করে দেখে নিন। পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে, তা সুস্পষ্ট ভাবে সেখানে বর্ণনা করা হয়েছে।”

অর্থনীতিতে ভারি শিল্প বলতে, যেখানে বিপুল মূলধন বিনিয়োগ হয়। বড় মাপের উৎপাদন হয়। যেখানে বিপুল পরিমাণে কাঁচামালের চাহিদা থাকে। সেই শিল্পে উৎপাদিত পণ্য অন‍্য শিল্পে কাজে লাগে। সেই শিল্পকে কেন্দ্র করে অনেক ছোট শিল্প তৈরি হতে পারে। যদিও সিপিএম আমলে রাজ্য থেকে ভারি শিল্পে বিনিয়োগ কার্যত নিম্নমুখী। যা রয়েছে তা-ও ধুঁকছে বলে দাবি করে বিরোধীরা। 

বিধানসভা নির্বাচনের ঘোষণাপত্রে তৃণমূল ঘোষণাপত্রে বলেছে, বর্তমানে ৩০টি সিমেন্ট কারখানা রাজ‍্যে রয়েছে। পশ্চিমবঙ্গ পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বলে দাবি করেছে তৃণমূল। রাজ্যে স্টিল প্লান্ট ২০২৪ অর্থবর্ষে ১১ মিলিয়ন টনে পৌঁছেছে। যা প্রতি বছরে ১২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে। শিল্পের উৎপাদন গতবছর ৫.৮ শতাংশ। তৃণমূল দাবি করেছে, জাতীয় স্তরে বৃদ্ধির চেয়েও বেশি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল দাবি করলেও ঘোষণাপত্রে ভারি শিল্পের বিনিয়োগ কী করে আসবে তার কোনও রূপরেখা তৈরি তাঁরা তৈরি করতে ব‍্যর্থ হয়েছে। রাজ্য বিজেপির এক নেতা বলেন, “তৃণমূল ঘোষণাপত্রে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মানুষকে বিভ্রান্ত করেছে। সত‍্য প্রশ্ন করলে রাগ হওয়াটাই স্বাভাবিক।”


Share