Assembly Election

বারুইপুরে মোদীর সভার আগে উত্তেজনা, প্রচারের ই-রিকশায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির অভিযোগ, প্রচারে ব্যবহৃত ই-রিকশায় হামলা চালককে মারধর করা হয়েছে।য যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

টোটোতে হামলা চালানোর অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:২২

বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। সামনে ২৯ এপ্রিল পরবর্তী ভোট গ্রহণ। ইতিমধ্যেই দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারুইপুরে জনসভা করতে আসছেন। বারুইপুর পশ্চিম কেন্দ্রের টংতলায় সভাটি অনুষ্ঠিত হবে। আগেভাগেই সেই সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

এই আবহেই বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের প্রচারের কাজে ব্যবহৃত একটি ই-রিকশায় হামলা করা হয়েছে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাকারবেড়িয়া অঞ্চলে ঘটনাটি ঘটেছে । বিজেপির দাবি, একটি ই-রিকশা নিয়ে বিজেপির তরফে প্রচার চালানো হচ্ছিল। স্থানীয় এক চালক অজয় হালদারের কাছ থেকে সেটি ভাড়া নেওয়া হয়েছিল। সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা প্রচারে বাধা দেয়। অজয়কে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ফ্লিক্স ও ব্যানারও ছিঁড়ে ফেলা হয়। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ঘটনার খবর পেয়ে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল রাতেই এলাকায় পৌঁছোন। ‘এই কেন্দ্রের বিধায়কের কোনও জনভিত্তি নেই, জনসম্পর্ক নেই। তিনি অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন।’ তাঁর আরও দাবি, ‘যারা এই কাজ করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। বিজেপির তরফে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করবে।’

এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।


Share