By-Election

উপনির্বাচনে কড়া নিরাপত্তা, নন্দীগ্রামে ৩৭ ও রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নজরদারিতে সব বুথ

এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে থাকবে ৩৪ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৩৭ কোম্পানি মোতায়েন করা হবে। একটি কোম্পানিতে প্রায় ১০০ জন অফিসার ও জওয়ান থাকেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে থাকবে ৩৪ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৩৭ কোম্পানি মোতায়েন করা হবে। একটি কোম্পানিতে প্রায় ১০০ জন অফিসার ও জওয়ান থাকেন। অর্থাৎ দুই কেন্দ্রে মোট কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকার কথা।

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দুই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নন্দীগ্রাম এবং রেজিনগরের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। নন্দীগ্রামে মোট বুথের সংখ্যা ২৮২টি। রেজিনগরে রয়েছে ৩১৫টি বুথ।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর-সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর। বুধবার, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। ১৭ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন আগেই দুই কেন্দ্রে পর্যবেক্ষকদের নাম জানিয়েছে। রেজিনগরে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন হরি লাল চৌহান। নন্দীগ্রামে এম বি বোরলিঙ্গাইয়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ পর্যবেক্ষক হিসেবে নন্দীগ্রামে রয়েছেন সন্তোষ দাস এবং রেজিনগরে দায়িত্ব পেয়েছেন হর্ষল পঞ্চোলী।

দুই কেন্দ্রেই উপনির্বাচনের প্রয়োজন তৈরি হয়েছে বিধায়কদের পদত্যাগের কারণে। এ বারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। পরে ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দেন। ফলে নন্দীগ্রাম আসনটি শূন্য হয়। অন্য দিকে, আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীরও রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। নওদার বিধায়ক পদ রেখে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। সেই কারণেই রেজিনগরেও উপনির্বাচন হচ্ছে। নন্দীগ্রাম ও রেজিনগরের পাশাপাশি এ দফায় ভোট হবে তামিলনাড়ুর মাদুরান্থাকম ও ধর্মপুরম, অসমের নগাঁও এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির থাট্টাঞ্চাভাডি বিধানসভা কেন্দ্রে।


Share