IAS Transfer

আইপিএস অফিসারদের পরে জেলাশাসকদেরও বদলি হল, কলকাতা-সহ ১১টি জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের বদলিতে সিলমোহর দিল নির্বাচন কমিশন

কিছু দিন আগেই পুরসভার কমিশনার হয়েছিলেন সুমিত গুপ্ত। তাঁকে বদলি করে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন স্মিতা গুপ্ত। তিনি এসআইআর-এর সময় নির্বাচন কমিশনের তালিকা পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একাধিক জেলার জেলাশাসকদের বদলি করে দিল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৩:৫৪

বুধবার সকালে রাজ‍্য পুলিশের পাঁচটি রেঞ্জের ডিআইজিদের বদলি করেছে। তার পরেই কলকাতা-সহ ১১ জন জেলাশাসককে বদলি করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বুধবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে।

বুধবার সকালেই রাজ‍্য পুলিশের পাঁচ রেঞ্জের ডিআইজি বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। তার কয়েক ঘণ্টা পরেই জেলাশাসকদেরও বদলি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় ১১টি জেলার জেলাশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সেই তালিকায় রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত‍্যেকেই জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক করেছে নির্বাচন কমিশন। সন্দীপ ঘোষকে জলপাইগুড়ির জেলাশাসক করা হয়েছে। বিবেক কুমারকে উত্তর দিনাজপুরের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। রাজনবীর সিংহ কাপুরকে মালদহের জেলাশাসক করা হয়েছে। আর অর্জুনকে মুর্শিদাবাদের জেলাশাসক করা হয়েছে। শ্রীকান্ত পাল্লিকে নদিয়ার জেলাশাসক করেছে নির্বাচন কমিশন। শ্বেতা আগরওয়ালকে পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। শিল্পা গৌরীসারিয়াকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক করা হয়েছে। অভিষেককুমার তিওয়ারিকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক করে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এ ছাড়াও, কলকাতা উত্তর এবং দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। কয়েক দিন আগেই কলকাতা উত্তরের ডিইও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। ডিইও হিসাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করে কমিশন। তবে কলকাতার ক্ষেত্রে নিয়মটা আলাদা। কলকাতায় জেলাশাসক না-থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ, নির্দিষ্ট কোনও পদাধিকারিকের উপর দায়িত্ব থাকত না। তবে কমিশন জানায়, এ বার থেকে উত্তর কলকাতার ডিইও হবেন যিনি পুরসভার কমিশনার থাকবেন।

কিছু দিন আগেই পুরসভার কমিশনার হয়েছিলেন সুমিত গুপ্ত। তাঁকে বদলি করে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন স্মিতা গুপ্ত। তিনি এসআইআর-এর সময় নির্বাচন কমিশনের তালিকা পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ কলকাতার ডিইও করা হয়েছে রমধীর কুমারকে। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে তাঁদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। তার পরে একটি সম্মতিসূচক রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালেই রাজ‍্য পুলিশের পাঁচটি রেঞ্জের ডিআইজি পরিবর্তন করে দিয়েছে। জলপাইগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। তাঁদেরকেও বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে।


Share