Suvendu Adhikari

‘রাজ্যে নির্বাচন হওয়ার পরিস্থিতি নেই,’ কালিয়াচকের ঘটনার পরে মনে করছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দু আরও বলেন, “তাঁরা (বিচারবিভাগীয় আধিকারিক) অন্তত ধৈর্য্য সঙ্গে পরিস্তিতির মোকাবিলা করেছেন। সুপ্রিম কোর্ট ঘটনা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছে। পশ্চিমবঙ্গের মানুষের জন‍্য লজ্জা এই ঘটনা। মেরুকরণের রাজনীতি বিজেপি করে না। এরা যেগুলো করেছে আপনারা দেখছেন।”

রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৮:০৭

কালিয়াচকের ঘটনার পরে রাজ‍্যে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতারির দাবি করেছেন রাজ‍্যের বিরোধী দলনেতা।

বুধবার বিকেল থেকে কালিয়াচক-২ ব্লকে সাত জন বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ১২ ঘন্টা পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ঘেরাও মুক্ত হন তাঁরা। উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও তাঁদের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তা নিয়ে শীর্ষ আদালত ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনায় সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়েছে গোটা চত্বর। সেখানে ১৬৩ ধারা জারি হওয়া সত্ত্বেও কী করে বিক্ষোভ চলছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়াও, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূলের কর্মীরা কালো পতাকা প্রদর্শন করে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে রীতিমতো বচসা শুরু হয়ে যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, গত কয়েক ২৪ ঘন্টার যেসব ছোট ছোট ঘটনা ঘটেছে, তা এই রাজ্যের পক্ষে, নির্বাচনী অনুকুল পরিবেশের পক্ষে মানানসই নয়।শুভেন্দু মনে করছেন, রাজ্যে যে সব আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয়।

এ দিনের সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, কালিয়াচকের ঘটনা পূর্বপরিকল্পিত। আগে ঘটে যাওয়া ঘটনাগুলির মতোই তিনি এই ঘটনাকেও মনে করছেন। তিনি অভিযোগ তুলে বলেন, “আজ রাত ১২টার মধ্যেই তদন্তভার সিবিআই বা এনআইএ-কে দেওয়ার কথা। আমি অনুরোধ করব, দেরি না করে কালিয়াচক থানা থেকে সমস্ত তথ্য নিয়ে নিন। না হলে আরজি কর মেডিকেলের ঘটনার মতো সব নষ্ট হয়ে যাবে।” এর পরেই শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত করেছেন সাবিনা ইয়াসমিন। তিনি প্রার্থী হয়েছেন বলে আইনের উর্ধ্বে হতে পারেন না। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি।”

কালিয়াচকের ঘটনায় এখানও পর্যন্ত ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তভার সিবিআই বা এনআইএ-কে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তাঁরা কখন তদন্তভার নেন তার দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। 

শুভেন্দু আরও বলেন, “তাঁরা (বিচারবিভাগীয় আধিকারিক) অন্তত ধৈর্য্য সঙ্গে পরিস্তিতির মোকাবিলা করেছেন। সুপ্রিম কোর্ট ঘটনা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছে। পশ্চিমবঙ্গের মানুষের জন‍্য লজ্জা এই ঘটনা। মেরুকরণের রাজনীতি বিজেপি করে না। এরা যেগুলো করেছে আপনারা দেখছেন। তৃণমূল চাকরির কথা বলে না। শিল্পের কথা বলে না। তৃণমূল যেটা করে, নির্বাচন এলে একটি সম্প্রদায়কে কাজে লাগায়। তাই সাবিনা ইয়াসমিন কে গ্রেফতার করা হোক। রাষ্ট্র বিরোধী, মৌলবাদীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।” 


Share