IPS Posting

কমিশনের ঝড়ো ইনিংস, এ বার মুরলিধরকে তামিলনাড়ুতে পাঠাল নির্বাচন কমিশন, একই সঙ্গে ১৫ জন আইপিএস ভিনরাজ‍্যের নির্বাচনে দায়িত্ব দিল নির্বাচন সদন

বুধবার মোট ১৫ জন পুলিশকর্তাদের তামিলনাড়ুএবং কেরলামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তালিকায় মুরলিধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় ছাড়া, ওয়াকার রেজা, রশিদ মুনির খান, প্রিয়ব্রত রায়, অলোক রাজোরিয়া ইত্যাদি।

১৫ জন আইপিএস কে বদল করল নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:৩৬

কমিশনের ঝড়ো ইনিংস। তৃণমূল জমানায় সামনের সারিতে থাকা দাপুটে পুলিশ অফিসার মুরলিধর শর্মাকে এ বার তামিলনাড়ুর নির্বাচনে অবজার্ভার করে পাঠাল নির্বাচন কমিশন। ইন্দিরা মুখোপাধ্যায়কেও নির্বাচনের দায়িত্বে ভিনরাজ‍্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন ঘোষণার হওয়ার পরেই রাজ্যের মুখ‍্যসচিব এবং রাজ‍্য পুলিশের ডিজিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যা কার্যত নজিরবিহীন। তার পরেই একে একে একাধিক পুলিশকর্তা এবং আমলাদের সরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা তৃণমূল জমানায় সামনের সারিতে ছিলেন, তাঁদেরই সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে যে সমস্ত পুলিশকর্তা বা আমলারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছে নির্বাচন সদন।

বুধবার কমিশনের নির্দেশে মুরলিধর শর্মাকে তামিলনাড়ুর দুটি বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তিনি বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন। তার আগে ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার হয়েছিলেন। আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনার সময় মুরলিধর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আন্দোলনের চাপে তাঁকে সরিয়ে দেওয়া কিছুদিন পরেই স্বমহিমায় আবার দেখা যায় এই আইপিএস অফিসারকে।

অন‍্যদিকে, গত রবিবার শিলিগুড়ির নতুন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সৈয়দ ওয়াকার রাজা। তিনি এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর রেঞ্জের ডিআইজি ছিলেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে রেখেছিল নির্বাচন কমিশন। তাঁকেও তামিলনাড়ুতে পাঠানো হয়েছে।

ইন্দিরা মুখোপাধ‍্যায়কেও সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইল্লিয়াদ জগন্নাথ রাওকে। তিনি এতদিন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) ছিলেন। বুধবার সকালে তাঁকে পুনর্বাসন দেওয়া হয়। পাঠানো হয় সিআইডিতে। কিন্তু রাতেই তাঁকে কেরলামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল জমানায় সামনের সারিতে থাকা পুলিশকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে বিরোধীরা। বিশেষ করে বিজেপি। তাঁদের অভিযোগ ছিল, পুলিশ বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে।

বুধবার মোট ১৫ জন পুলিশকর্তাদের তামিলনাড়ুএবং কেরলামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তালিকায় মুরলিধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় ছাড়া, ওয়াকার রেজা, রশিদ মুনির খান, প্রিয়ব্রত রায়, অলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া, প্রবীণকুমার ত্রিপাঠি, মুকেশ কুমার, সি সুধাকর, সন্দীপ কারার, আমনদীপ, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দ‍্যুতিমান সরকার ভিন রাজ‍্যে নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে।

বুধবার সকালেই রাজ‍্য পুলিশের পাঁচটি রেঞ্জের ডিআইজিদের অপসারিত করে দেয়। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে না থাকা বেশ কিছু পুলিশকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। ভরত অমিতকুমার রাঠর, অঞ্জলি সিংহ, অজিত সিংহ যাদব, শ্রীহরি পান্ডে এবং কঙ্করপ্রসাদ বারুই।

নির্বাচন ঘোষণার আগেই ৪০ জন আধিকারিকদের বদলি করে দেয় নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্যের মুখ‍্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ‍্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে অপসারিত হন কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারও। মুখ‍্যসচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। রাজ্য পুলিশের ডিজি করা হয় সিদ্ধিনাথ গুপ্তকে। কলকাতার কমিশনার করা হয় অজয়কুমার নন্দকে। লালবাজার সূত্রের খবর, নির্দেশিকা জারি হতেই লালবাজার ছাড়েন সুপ্রতিম সরকার। তাঁর ঠিক ১৫ মিনিট পরেই নতুন কমিশনার অজয়কুমার নন্দ লালবাজারে ঢোকেন।

আসানসোল-দুর্গাপুরের কমিশনার করা হয়েছে প্রণব কুমারকে। দীর্ঘদিন তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (২) পদে সুনীলকুমার যাদবকে চন্দননগরের কমিশনার করা হয়েছে।


Share