Election Commission

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুর থেকে সফর শুরু করবেন মনোজ

পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন। এরপর ধাপে ধাপে অন্য জেলাগুলিতেও তাঁর সফর চলবে।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫৫

ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার থেকে জেলা সফরে বেরোচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কমিশন সূত্রে জানা গিয়েছে, সফরের শুরুতেই তিনি যাবেন পূর্ব মেদিনীপুরে। সেখানে জেলা প্রশাসনের প্রস্তুতি, ভোট পরিচালনার অবকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন। এরপর ধাপে ধাপে অন্য জেলাগুলিতেও তাঁর সফর চলবে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর ফল প্রকাশ হবে ৪ মে। রাজ্যে ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে এবং প্রচারপর্বও জোরকদমে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। বহু বছর পর পশ্চিমবঙ্গে এত কম দফায় নির্বাচন হচ্ছে। ভোট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছিলেন, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। মনোজের এই জেলা সফরকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচন প্রস্তুতিতে কমিশন কোনও ফাঁক রাখতে নারাজ। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। অতীতের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক বেশি সংখ্যায় পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সিসি ক্যামেরার নজরদারিও জোরদার করা হবে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায়, ভোটারদের মোবাইল বাইরে জমা রেখে কেন্দ্রে ঢুকতে হবে। এই সমস্ত নির্দেশ সর্বত্র কঠোরভাবে কার্যকর হয়েছে কি না, কোথাও কোনও ঘাটতি রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই এই সফর বলে কমিশন সূত্রের দাবি।

এরই মধ্যে এসআইআর-কে কেন্দ্র করে মালদহে বিচারকদের ঘিরে বিক্ষোভের ঘটনায় বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশের পর মালদহের ঘটনায় নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জরুরি ভিত্তিতে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই বৈঠকের পরপরই রাজ্যের মাঠপর্যায়ে সক্রিয় হলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।


Share