Special Intensive Revision

সোমবার প্রকাশিত হতে পারে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা, জেলায় জেলায় নিরাপত্তায় জোরদার করার নির্দেশ কমিশনের

শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। কমিশন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়। সেদিনও দফায় দফার বৈঠক করেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৫:০৪

সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটারের তথ‍্য যাচাই করছে বিচারবিভাগীয় আধিকারিকেরা। সূত্রের খবর, প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি আপাতত যাচাই করা সম্ভব হয়েছে। তারই প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকা সোমবার প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতের নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে। তা যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন‍্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট বিচারবিভাগীয় আধিকারিকদের নিযুক্ত করে। তারাই ৬৩ লক্ষের মধ্যে ২৭ লক্ষের নথি নিস্পত্তি করেছে।

কমিশন সূত্রের খবর, আগামী সোমবার দুপুরের দিকে ২৭ লক্ষ ভোটারের তালিকা বের করবে নির্বাচন কমিশন। তাতে প্রায় আট লক্ষের নাম বাদ যেতে পারে বলে খবর। কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, প্রতি শুক্রবার করে একটি তালিকা বের করতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাই কোর্টের প্রধান বিচারপতির সুজয় পালের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতার কমিশনারে সঙ্গে দফায় দফায় বৈঠক হয়।

যদিও শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। কমিশন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়। সেদিনও দফায় দফার বৈঠক করেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, মুখ‍্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। দু’বার বৈঠক হয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গেও।


Share