Assembly Election

৭৭ বুথে পুনর্নির্বাচনের অভিযোগ খতিয়ে দেখছে কমিশন, সশরীরে পর্যবেক্ষণে যাচ্ছেন স্পেশাল অবর্জাভার সুব্রত গুপ্ত

জানা গিয়েছে, যেসব বুথ থেকে অভিযোগ উঠেছে, সেগুলিতে বৃহস্পতিবারই পরিদর্শনে যাবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে থাকবেন অন্যান্য পর্যবেক্ষকরাও।

কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৪:০২

দু’দফার ভোট পর্বের পর আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে, তা সরেজমিনে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। সাধারণত ভোটের পরের দিন স্ক্রুটিনির কাজ হয় দফতরে বসেই। কিন্তু এ বার সেই প্রক্রিয়াই মাঠে নেমে করার নির্দেশ দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি নিজেই সুব্রত গুপ্তকে ফোন করেন। দ্বিতীয় দফার ভোটের বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। যেসব জায়গা থেকে অভিযোগ উঠেছে, সেখানকার ইভিএমগুলি সরাসরি পরিদর্শনের নির্দেশ দেন।

প্রথম দফার ভোটে তেমন অভিযোগ না উঠলেও, বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি। এই সব বুথই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফলতা থেকে। সেখানকার ৩২টি বুথে পুননির্বাচন করার দাবি করা হয়েছে। এরপর ডায়মন্ড হারবারে ২৯টি, মগরাহাটে ১৩টি এবং বজবজে তিনটি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগানোর অভিযোগ, কোথাও আতর লাগানো, আবার কোথাও ক্যামেরা ঢাকতে রুমাল ব্যবহার করার অভিযোগ উঠেছে।

এ দিকে, ভোটের শেষ পর্যায়ে আরও গুরুতর একটি অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ভোটারদের জামার পকেটে গোপনে স্পাই ক্যামেরা রাখা হচ্ছিল। যাতে বোঝা যায় ভোটারেরা কাকে ভোট দিচ্ছেন। ডায়মন্ড হাররবারের মগরাহাট পশ্চিম এলাকা থেকে এই অভিযোগ জমা পড়েছে।

এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিয়ে কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে। জানা গিয়েছে, যেসব বুথ থেকে অভিযোগ উঠেছে, সেগুলিতে বৃহস্পতিবারই পরিদর্শনে যাবেন কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে থাকবেন অন্যান্য পর্যবেক্ষকরাও। রিটার্নিং অফিসারেরাও থাকবেন। ঠিক কতগুলি বুথে পুনর্নির্বাচন প্রয়োজন, তা সরেজমিনে খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই সেই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


Share