Election Commission

ভোটের আগে দ্রুত নিষ্পত্তি ‘বিবেচনাধীন’ নামের, ২৩ লক্ষের বেশি মামলায় অগ্রগতি, শীঘ্রই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ

কমিশন সূত্রের খবর, অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে। সেই সফটওয়্যার প্রস্তুত হওয়ার পর আদালতের অনুমোদন নেওয়া হবে। অনুমতি মিললেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১১:৫৬

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির নিষ্পত্তির গতি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। বুধবার পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এই গতি বজায় থাকলে চলতি সপ্তাহের মধ্যেই কমিশন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে।

কমিশন সূত্রের খবর, অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে। সেই সফটওয়্যার প্রস্তুত হওয়ার পর আদালতের অনুমোদন নেওয়া হবে। অনুমতি মিললেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে। ততদিন পর্যন্ত কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিক ও বিচারকেরা প্রতিদিন ‘বিবেচনাধীন’ নামগুলির শুনানি ও নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। কমিশন যেদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করবে, সেদিন পর্যন্ত নিষ্পত্তি হওয়া সমস্ত নামই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর মনে করছে, বর্তমান গতিতে কাজ চললে ভোটের আগেই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামও ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। শ্যামপুকুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস তাঁকে ফের প্রার্থী করেছে। তাঁর নাম দ্রুত নিষ্পত্তির জন্য তিনি বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছিলেন। বুধবার সিইও দফতর জানিয়েছে, তাঁর নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

এদিকে ভোট পরিচালনার জন্য পশ্চিমবঙ্গে ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকছেন এবং বুধবার থেকেই তাঁদের রাজ্যে পৌঁছনো শুরু হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুধু বুথের ভিতরে নয়, বুথের আশপাশে ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া বা ভোটে বাধা সৃষ্টি করার মতো ঘটনা ঘটলেও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ছাপ্পা, বুথ দখল বা অশান্তির মতো অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল ১৪২টি আসনে মোট দু’দফায় ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ হবে ৪ মে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ ভোটার তালিকা অনুযায়ী, ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন ভোটারকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর ‘বিবেচনাধীন’ রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এই ‘বিবেচনাধীন’ ভোটারদের চূড়ান্ত অবস্থান এখনও স্পষ্ট নয়। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।


Share