Assembly Election

পানিহাটিতে বিজেপি প্রার্থীকে তলব পুলিশের, আরজি করের নিহত চিকিৎসকের মাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নোটিসে ভুল তথ্য থাকায় তিনি তা গ্রহণ করেননি। অভিযোগ করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা ও ভয় দেখানোর চেষ্টা চলছে।

পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে পুলিশের সমন।
নিজস্ব সংবাদদাতা, পানিহাটি
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৩:৩৮

বিধানসভা নির্বাচন ভোটে পানিহাটি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন রত্না দেবনাথ। তিনি আরজি কর মেডিকেলের নিহত চিকিৎসকের মা। জানা গিয়েছে, তাঁকে পুলিশ তলব করেছে। কিন্তু তিনি সমনের চিঠি গ্রহণ করেননি। বিজেপির অভিযোগ, পুলিশকে ব‍্যবহার করে প্রার্থীকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

সূত্রের খবর, কিছুদিন আগে সমাজমাধ‍্যমে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে রাজ‍্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ‍্য করে একাধিক মন্তব্য করেন। তৃণমূল দাবি, তিনি মুখ্যমন্ত্রীকে ব‍্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন। তৃণমূল সুপ্রিমোর চরিত্রহরণের করার চেষ্টা করেছেন। সেই মন্তব্যের জেরেই এই সমন পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। 

তবে রত্না দেবনাথের অভিযোগ, তাঁকে পরিকল্পিত ভাবে তাঁকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, “তৃণমূলের ভাণ্ডারে আর কিছু নেই। তাই সমন পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু এ ভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না।” মঙ্গলবার আচমকাই তাঁর কাছে পুলিশের এই নোটিস পৌঁছোয়। কিন্তু তাতে তাঁর স্বামীর নাম ভুল তথ্য থাকায় তিনি তা গ্রহণ করেননি। উল্টে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, মনোনয়নের আগেই তাঁকে নানা ভাবে চাপের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। তার জন‍্য স্থানীয় প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। 

পানিহাটির বিজেপি প্রার্থীকে পুলিশের সমন পাঠানো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভোটের মুখে বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথের কাছে আচমকা সমন পৌঁছোনোয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, গত সপ্তাহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে প্রচারে গিয়েছিলেন। তিনি স্থানীয় নেতৃত্বকে রাজনৈতিক শালীনতা বজায় রাখার বার্তা দিয়েছিলেন। সীমা লঙ্ঘন করে বিজেপি প্রার্থীকে কোনও আক্রমন না করার নির্দেশ দিয়েছিলেন।

এই বিষয়ে তিনি সাফ বললেন, ‘‘ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে আর অন্য দিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! আমার মনোনয়নের আগে থেকে তৃণমূলের আমার উপরে হামলা করার চেষ্টা করছে। কিন্তু আমি বলেছি, আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না।” সেই আবহেই পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।


Share