Mamata Banerjee

ভোটের আগে তৃণমূলের এজেন্টদের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে! পিংলার জনসভায় থেকে বিস্ফোরক অভিযোগ মমতার

মমতার অভিযোগ, ভোটের ময়দানে বিজেপির পাশে কার্যত কেউ নেই বলেই তৃণমূলকে ঠেকাতে নানা কৌশল নেওয়া হচ্ছে। তাঁর কথায়, আইসি ও ওসি-সহ পুলিশ প্রশাসনের একাংশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃণমূলের বুথ এজেন্টদের আগেই গ্রেফতার করা হয়, যাতে তাঁরা বুথে বসতে না পারেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৬:৪৩

ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক সভা থেকে তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এমন নির্দেশ পৌঁছেছে। একই সঙ্গে দলীয় কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার বার্তাও দেন তিনি। পাশাপাশি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ইস্যুতে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মমতার অভিযোগ, ভোটের ময়দানে বিজেপির পাশে কার্যত কেউ নেই বলেই তৃণমূলকে ঠেকাতে নানা কৌশল নেওয়া হচ্ছে। তাঁর কথায়, আইসি ও ওসি-সহ পুলিশ প্রশাসনের একাংশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃণমূলের বুথ এজেন্টদের আগেই গ্রেফতার করা হয়, যাতে তাঁরা বুথে বসতে না পারেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, একজনকে গ্রেফতার করা হলে অন্যজন যেন দায়িত্ব নেয় মহিলা কর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিন তিনি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, বিহারের ক্ষেত্রে এই ধরনের সমস্যা না থাকলেও বাংলায় কেন তা রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, বাইরে থেকে চাপ তৈরি করে ভোটার তালিকায় হস্তক্ষেপের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে যে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র তালিকাভুক্ত ভোটাররা কার্যত প্রশাসনিক টানাপোড়েনের মধ্যে পড়ে গিয়েছেন। বর্তমানে ভোটার তালিকা স্থির হয়ে যাওয়ায়, এই ভোটারদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


Share