Election Commission

প্রথম দফার আগে সক্রিয় নির্বাচন কমিশন, ভিন রাজ্যের আইপিএস-সহ বাড়ল পর্যবেক্ষকের সংখ্যা

কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সেই বিষয়গুলির উপর নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষকেরা নজর রাখবেন।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৫:৪৪

নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচন আর হাতে মাত্র ১০ দিন। তার পরেই প্রথম দফার নির্বাচন। তার আগেই রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন সদন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এম-কে ভোট প্রক্রিয়ায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোটের আগে ধাপে ধাপে পর্যবেক্ষক নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, নতুন এই সিদ্ধান্তকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সেই বিষয়গুলির উপর নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষকেরা নজর রাখবেন।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজরদারি আরও জোরদার করছে বলেই মনে করা হচ্ছে। বাংলার ভোটকে কেন্দ্র করে আগেই সতর্ক বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, যিনি গত মাসে রাজ্যে এসে আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ভোটের ওপর জোর দেন।

অশান্তি এড়াতে ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পাশাপাশি ভিন রাজ্য থেকেও পুলিশ পর্যবেক্ষক আনা হয়েছে। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব ও গুজরাত থেকে অন্তত ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক বাংলায় এসে পৌঁছেছেন, যাঁদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়াও সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪।

যদিও এই পর্যবেক্ষক নিয়োগকে ঘিরে কমিশনের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ‘অবাধ ও সুষ্ঠু’ ভোটের নামে এমন কিছু আধিকারিককে বাংলায় পাঠানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। শাসক দলের দাবি, কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপি-ঘনিষ্ঠ বা বিতর্কিত আধিকারিকদেরই বেছে নিচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফল ঘোষণা হবে ৪মে।


Share