Post Poll Violence

নিউ মার্কেটের ঘটনার পরে বুলডোজার নিয়ে বিজয় মিছিল নিষিদ্ধ করল পুলিশ, ভাঙচুরের ঘটনায় ৮০ জন গ্রেফতার

এ দিনের সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার-সহ অতিরিক্ত কমিশনার দেবেন্দ্রপ্রতাপ সিংহ, বিএসএফের আধিকারিক এবং সিআরপিএফের আধিকারিক রাজীব কুমার উপস্থিত ছিলেন।

সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০১:৪১

শহরে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করা যাবে না। যদি হয় তাহলে আইনানুগ পদক্ষেপ করা হবে। বুলডোজারের মালিকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সোমবার এমনটাই জানালেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ।

বিপুল ভোটে রাজ্যের ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। বেশ কিছু জায়গায় গতকাল রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এখন থেকে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করা যাবে না। বুলডোজার নিয়ে যাঁরা মিছিল করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। এমনকী, যে বুলডোজারের মালিক গাড়ি বিজয় মিছিল করার জন‍্য দেবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লালবাজার। বুধবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ জানান, “প্রথমে তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ পদক্ষেপ করা হবে। যাঁরা বুলডোজার নিয়ে মিছিল করবেন, তাঁদের বিরুদ্ধেও কড়া করা হবে।”

এ ছাড়াও, শহরে কোথাও কোনও বিনা অনুমতিতে বিজয় মিছিল করা যাবে না বলেও জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। পুলিশ কমিশনার জানান, বিনা অনুমতিতে যদি কোনও বিজয় মিছিল হয় তা আটকানো হবে। পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই বিজয় মিছিল করতে হবে বলে জানিয়েছেন তিনি।

ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার নন্দ। এ দিন অজয় বলেন, “কোনও কোনও ভাঙচুরের ঘটনায় আমরা অভিযোগই পাইনি। সেক্ষেত্রে আমরা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে।”

বুধবার পুলিশ কমিশনার এ-ও বলেন, “এই মুহূর্তে শহরে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। ২৪০টি মোটরবাইকে কিইআরটি রয়েছে। ভাঙচুরের সময় পুলিশ যদি দাঁড়িয়ে থেকে দেখে তাঁর বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়া হবে। রিপোর্টের ভিত্তিতে সেই সব পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

কমিশনার অজয়কুমার নন্দ আরও বলেন, “ভোট শান্তিপূর্ণ ভাবে মিটেছে। বিপুল মানুষ ভোটদান করেছেন। ভোটের পরেও শান্তি বজায় রাখতে হবে। ভোটের দিনেও আমরা অনেক কল পেয়েছি। কোথাও কোনও ভাঙচুরের ঘটনা ঘটে তাহলে আমাদের ফোন করে জানাতে পারেন।”পাশাপাশি কোনও প্ররোচনায় পা দিতে তিনি বার্তা দিয়েছেন। তাঁর কথায়, এই সময় অনেক ভুয়ো খবর ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই অশান্তি হলে কড়া পদক্ষেপ করা হবে। কলকাতা পুলিশ কী বলছে তার দিকেই নজর রাখতে বলা হয়েছে।

এ দিনের সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার-সহ অতিরিক্ত কমিশনার দেবেন্দ্রপ্রতাপ সিংহ, বিএসএফের আধিকারিক এবং সিআরপিএফের আধিকারিক রাজীব কুমার উপস্থিত ছিলেন।


Share