Election Commission

উত্তেজনা ছাপিয়েও শান্তিপূর্ণ ভোট! ১৫২ আসনে নজিরবিহীন অংশগ্রহণ, পুনর্নির্বাচনের প্রশ্নই নেই জানাল ভারতের নির্বাচন কমিশন

কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৪ হাজার ৩৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে এবং কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন পড়েনি।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৫০

বুথে বুথে লম্বা লাইন, রেকর্ড ভোটদান। প্রথম দফার ভোট নিয়ে ২৪ ঘণ্টা পরেও আলোচনা তুঙ্গে। এরই মধ্যে শুক্রবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, বাংলার প্রথম দফার ভোটে কোনও বুথেই পুনর্নির্বাচনের প্রয়োজন পড়েনি। অর্থাৎ, ১৫২টি আসনের কোনও কেন্দ্রেই ফের ভোটগ্রহণ হচ্ছে না। একইসঙ্গে জানানো হয়েছে, তামিলনাড়ুতেও কোনও বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়নি।

প্রথম দফায় বাংলার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়। ভোট শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। বুথের ভিতরে বড় কোনও গণ্ডগোলের অভিযোগ ওঠেনি। কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৪ হাজার ৩৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে এবং কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন পড়েনি।

অন্যদিকে, তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফাতেই ভোট সম্পন্ন হয়েছে। সেখানে মোট ৭৫ হাজার ০৬৪টি ভোটকেন্দ্রে ভোট দেন মানুষ। সেখানেও কোনও বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়নি বলে জানিয়েছে কমিশন।

ভোট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছিলেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই বুথ জ্যাম, ছাপ্পা রুখতে কড়া নির্দেশিকা জারি করা হয়। প্রতিটি বুথে সিসিটিভি নজরদারি চালু করা হয়। কোনও নিয়ম ভাঙলেই পুনর্নির্বাচনের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল।

যদিও ভোটের দিন বীরভূমের লাভপুর, খয়রাশোল বা মুর্শিদাবাদের নওদার মতো কিছু এলাকায় উত্তেজনার খবর সামনে আসে, তবুও সামগ্রিকভাবে ভোটের হার এবং শান্তিপূর্ণ পরিবেশে খুশি সব পক্ষই। ৯০ শতাংশের বেশি ভোটদানের নজিরের মধ্যেই কমিশনের স্পষ্ট বার্তা প্রথম দফায় বাংলার কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে না।


Share